Operation Sindoor: 'বদলা নিল' ভারত, ভোর রাতে গিয়ে উড়িয়ে দিল পাকিস্তানের তিন বায়ুসেনা ঘাঁটি - Bengali News | Multiple Explosions in Islamabad, Rawalpindi and Lahore - 24 Ghanta Bangla News
Home

Operation Sindoor: ‘বদলা নিল’ ভারত, ভোর রাতে গিয়ে উড়িয়ে দিল পাকিস্তানের তিন বায়ুসেনা ঘাঁটি – Bengali News | Multiple Explosions in Islamabad, Rawalpindi and Lahore

Spread the love

ইসলামাবাদ: ক্ষণিকের জন্য গোটা আকাশটা তীব্র কমলা রঙে ঢেকে গেল। তারপর ধীরে ধীরে বেরিয়ে এল ধূসর ধোঁয়ার স্রোত। হইচই পড়ে গেল চারিদিকে। মোবাইল হাতে তুলে গোটা ঘটনার ভিডিয়ো করতে শুরু করে দিল পাকিস্তানি নাগরিকরা। রাতের অন্ধকারে দেশের বায়ুসেনা ঘাঁটিতে এমন বিস্ফোরণে হতবাক তারা। তবে কি ফের বদলা নিল ভারত?

বৃহস্পতিবার, দেশের একাধিক সেনা পরিকাঠামোতে আঘাত আনার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে তা স্পষ্ট করেছে ভারতীয় বিদেশমন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ৩০০ থেকে ৪০০টি তুরস্ক ড্রোন নিয়ে ভারতের উপর হামলা চালায় পাকিস্তান। কিন্তু প্রতিটা হামলাই ব্যর্থ হয়। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে মিনিট খানেকও টিকতে পারে না পাক ড্রোনগুলি।

এই ঘটনার পর দিন অর্থাৎ শুক্রবার সন্ধে পেরিয়ে রাত গড়াতেই জম্মু-কাশ্মীর-সহ পঞ্জাব ও রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন হামলা চালায় পাক সেনা। এই হামলার জেরে আহত হয় বেশ কয়েক জন ভারতীয় নাগরিকও। তবে মোটের বিশেষ ক্ষয়ক্ষতি টানতে পারেনি পাকিস্তান। মাঝরাতে তাদের খেল খতম করে ভারত। এরপর ভোর রাত হতেই পাকিস্তানে ‘পাল্টা হামলা’।

পরপর বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে গেল তাদের রাওয়ালপিন্ডির নূর খান বায়ুসেনা ঘাঁটি। যার ভিডিয়ো ইতিমধ্য়ে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম জুড়ে। একাংশের ধারণা, পরপর দু’দিন পাকিস্তানের করা হামলার বদলা নিয়েছে ভারত। জ্বালিয়ে দিয়েছে তাদের সেনা পরিকাঠামো। তবে এই প্রসঙ্গে এখনও ভারতের প্রতিরক্ষা মন্ত্রক তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।

অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগ ISPR বা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল লেফটেনেন্ট আহমেদ চৌধুরী তাদের দেশের সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছে, রাতের অন্ধকার নূর খান, মুরিদ ও রাফিকুই-সহ তিন পাক বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *