হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের, সুপারনিউমেরারি পদে স্থগিতাদেশ বহাল, করা যাবে না নিয়োগ - 24 Ghanta Bangla News
Home

হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের, সুপারনিউমেরারি পদে স্থগিতাদেশ বহাল, করা যাবে না নিয়োগ

Spread the love

সুপারনিউমেরারি পদে নিয়োগ নিয়ে ফের একবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। আদালত স্পষ্ট জানিয়ে দিল, আপাতত রাজ্যের সৃষ্টি করা অতিরিক্ত শূন্য পদে কোনও নিয়োগ করা যাবে না। এই মর্মে ফের একবার সুপারনিউমেরারি পদে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সুযোগ করে দিতেই ২০২২ সালে সুপারনিউমেরারি পদ তৈরি করে রাজ্য। প্রথমেই অভিযোগ ওঠে, এই অতিরিক্ত পদ সৃষ্টি বৈধ নয়। যার জেরে ২০২২ সালেই সেই প্রক্রিয়ার উপর সাময়িক স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।

এদিকে, গত এপ্রিল মাসে (২০২৫) সুপ্রিম কোর্ট এসএসিসি-র ২০১৬ সালের প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিলেও সুপারনিউমেরারি পদ নিয়ে কোনও হস্তক্ষেপ করেনি। মেয়াদ পেরিয়ে যাওয়া স্থগিতাদেশ পুনরায় বহালও করা হয়নি। তা সত্ত্বেও ওই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বসু এবং রাজ্য ঠিক কী চাইছে, তা জানতে চান তিনি। অন্যদিকে, সংশ্লিষ্ট মামলার মূল মামলাকারীরা পুনরায় সুপারনিউমেরারি পদে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করার আবেদন জানান। বিচারপতি বসু লিখিতভাবে সেই আবেদন জানাতে বলেন।

এরপর আজ (বুধবার – ৭ মে, ২০২৫) আদালতে রাজ্য জানায়, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। কিন্তু, এদিন সংশ্লিষ্ট সব পক্ষের আবেদন খতিয়ে দেখে এই বিষয়ে ফের স্থগিতাদেশ বহাল করে কলকাতা হাইকোর্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *