‘হাফ প্যান্ট পরে এলে শ্বশুরের আত্মা কাঁপবে’, বললেন হেমন্ত মুখোপাধ্যায়ের পূত্রবধূ মৌসুমী – Bengali News | Mousumi Chatterjee remembers Hemanta Mukherjee
বহুদিন পর বাংলা ছবিতে ফিরলেন মৌসুমী চট্টোপাধ্যায়। ‘আড়ি’ ছবিতে যশ দাশগুপ্ত আর নুসরত জাহানের সঙ্গে দেখা যাবে মৌসুমীকে। সেই ছবি মুক্তির জন্য বর্ষীয়ান অভিনেত্রী এসেছেন শহরে। ছবিতে যশের মায়ের চরিত্রে রয়েছেন মৌসুমী। ব্যক্তিগত জীবনে দু’ জনের দারুণ রসায়ন তৈরি হয়েছে। যশ বলছিলেন, ”মাকে হারানোর পর আমার জীবনে একটা ফাঁকা জায়গা ছিল। আবার মৌসুমীদির জীবনেও একটা শূন্য জায়গা আছে। আমাদের দু’ জনের একটা মিল আছে। হাসলে চোখ ছোট হয়ে যায়। ছবিটা করতে গিয়ে বুঝতে পেরেছি, আমাদের যোগাযোগটা শুধু ছবির জন্য নয়। এরপরও আমাদের বন্ডিং থেকেই যাবে।” ‘আড়ি’ ছবির প্রিমিয়ারে যশের হাত ধরেই এলেন মৌসুমী। শাড়িতে তাঁকে দেখতে খুব সুন্দর লাগছিল। এই প্রসঙ্গে একটা মজার মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। তিনি বললেন, ”যা গরম, তাতে হাফ প্যান্ট পরে এলে তো হবে না! আমার শ্বশুরের আত্মা কাঁপবে।” ছবি মুক্তির জন্য যখন কলকাতা এসে পৌঁছেছেন অভিনেত্রী, তখনই বেজায় গরম পড়েছে। ছবির প্রচার থেকে প্রিমিয়ার মৌসুমীকে দেখা গিয়েছে শাড়িতেই। আসলে তাঁর শ্বশুরমশাই কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের সম্মান রক্ষার দায়িত্ব যে রয়েছে, সেই কথাই মজা করে বলেছেন অভিনেত্রী। হেমন্ত মুখোপাধ্যায়ের সাংঘাতিক অবদান রয়েছে মৌসুমীর কেরিয়ারে। মৌসুমীর ছবির জগতে যে উত্থান, সেখানে শ্বশুরমশাইয়ের প্রভাব ছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের বন্ধুস্থানীয় কিছু মানুষের সঙ্গে কাজ করেছিলেন মৌসুমী। হেমন্তর সঙ্গে মৌসুমীর রসায়ন বরাবরই চর্চার কেন্দ্রে থেকেছে। এবারও কলকাতা শহরে এসে তাই মৌসুমীর স্মৃতিচারণায় শ্বশুরমশাই বাদ গেলেন না।