Howrah: ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, হাত তুলে নিল দমকল, নামানো হল RAF – Bengali News | Howrah Devastating fire at chemical factory in Dome, area covered in black smoke
ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুনImage Credit source: TV9 Bangla
হাওড়া: ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। প্রাথমিকভাবে দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভানোর কাজ বন্ধ করে দিয়েছে দমকল। কারণ আগুনের যা তীব্রতা, তা কেবল ইঞ্জিন মারফত জল দিয়ে নেভানো সম্ভব নয়। রাসায়নিক কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এলাকায় আপাতত RAF নামানো হয়েছে।
ডোমজুড়ের একটি ফাঁকা এলাকার মধ্যে ONGC-র রাসায়নিক কারখানা। প্রচুর রাসায়নিক মজুত ছিল। জানা যাচ্ছে, প্রায় ১০০-১৫০টি তেলের ট্যাঙ্কার মজুত ছিল। সেগুলো বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা এলাকা। একে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ, সঙ্গে ঝোড়ো হাওয়ায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। যেহেতু লোকালয়ের বাইরে এই কারখানা, তাতে কিছুটা হলেও স্বস্তি দমকলকর্মীদের। নাহলে বড় কোনও বিপদের সম্ভাবনা থাকত। তবে কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ দমকল কর্মীরা ভিতরে ঢুকতেই পারেননি। অন্য পন্থায় আগুন আয়ত্তে আনার কথা ভাবা হচ্ছে।
তবে ফাঁকা এলাকার মধ্যেই কারখানার শ্রমিকরা ঘর বেঁধে থাকেন। তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইঞ্জিন আরও বাড়ানো হবে বলে খবর। কী থেকে আগুন লেগেছে, সেটাও এখনও স্পষ্ট নয়।
