‘খাদান ‘ ঝড়ে ব্যস্ত এখন টলিপাড়ার স্টান্টম্যান থেকে ভিলেন – Bengali News | After khadaan tollywood stunt mans are really happy to have action movie in cart
বাংলা ছবির মার্কেট ধরতে নানা ধরনের এক্সপেরিমেন্ট করছেন প্রযোজক পরিচালকরা। দর্শকদের মন পেতে একটা সময়ে মশালা ছবির থেকে সরে এসে পারিবারিক গল্পের ডালি সাজিয়েছেন পরিচালকরা। তাতে অবশ্যই শহুরে দর্শকদের ভালবাসা পেয়েছে বাংলা ছবি। তবে শহর থেকে শহরতলি ছাড়িয়ে গ্রামের দর্শকদের মন থেকে কিছুটা হলেও সরে এসেছে বাংলা ছবির ব্যবসা। পারিবারিক ছবির বাড়বাড়ন্তে ফাইট মাস্টার থেকে তথাকথিত ভিলেনের চরিত্রে অভিনয় করতেন যাঁরা, তাঁদের রুজি-রোজগারে টান পড়েছিল। তবে ‘খাদান’, ‘বহুরূপী’, ‘রক্তবীজ’, ‘মির্জা’-এর বক্স অফিস সাফল্যে আবার মশালা ছবির ফিরে আসছে। এতেই আশায় বুক বাঁধছেন ইন্ডাস্ট্রির ফাইটার স্টান্ট ম্যান থেকে ভিলেন এর চরিত্রে অভিনয় করা অভিনেতারা।
এই নিয়ে অবশ্যই আশাবাদী ভিলেনের চরিত্রে অভিনয় করেন যারা তাঁরা সকলেই। ফাইট মাস্টাররাও আশার আলো দেখছেন এই বিষয় নিয়ে। খাদান, বহুরূপীর বক্স অফিস সাফল্য নতুন করে আশার দেখেছে ইন্ডাস্ট্রির কলাকুশলীরা।
বাংলা মশালা ছবির গান, নাচ থেকে দুরন্ত অ্যাকশন সিকোয়েন্স দর্শকদের যেমন হলমুখী করেছে তেমনই সামগ্রিকভাবে কলাকুশলীদের উৎসাহ যুগিয়েছে। খাদান-এর পরই রঘু ডাকাত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে অভিনেতা দেব। পাশাপাশি ‘রক্তবীজ ২’-এর কাজ চলছে পুরোদমে। প্রসঙ্গত, এই সব ছবিগুলি মূলত অ্যাকশন ছবি। তাই খুশি টলিপাড়ার অ্যাকশন মাস্টার থেকে স্টান্ট ম্যান ও তথাকথিত ভিলেনের চরিত্র করা অভিনেতারা।
অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়ের কথায়, এই মুহূর্তে তিনি ব্যস্ত বেশকিছু ছবির কাজ নিয়ে। খাদান-এর সাফল্যের কারনেই তিনি আবারও কাজ পাচ্ছেন বলে জানালেন। অভিনেতা প্রযোজক অঙ্কুশ জানিয়েছেন, মির্জা-র শ্যুট-এর সময় পুরোনো স্টান্ট ম্যানদের সঙ্গে দেখা হওয়ায়, তাঁরা বেজায় খুশি হয়েছিল, আসলে অ্যাকশন ছবি হলে সামগ্রিকভাবে টলিপাড়ার সকলের উন্নতি হয়।
সম্প্রতি খাদান-এর একশো দিনের সাফল্য উদযাপন করতে এসে দেব বললেন, “এখন এত অ্যাকশন ছবি তৈরি শুরু হয়েছে, যে আমাদের রঘু ডাকাত-এর শ্যুট-এর জন্য স্টান্ট ম্যান, ফাইটার কম পড়ছে। তবে এটা আশার কথা সকলের জন্য।”