Horrific Road Accident: বিয়ের কার্ড দিতে গিয়ে আর ফেরা হল না বাড়ি, ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ যুবকের – Bengali News | 3 youths die in horrific road accident in Malda while going for invitation with wedding cards
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV 9 Bangla
মালদহ: কয়েকদিন পরেই বাড়িতে বসতে চলেছে বিয়ে আসর। উৎসবের মেজাজ পরিবারে। কিন্তু, একটি ঘটনায় রাতারাতি উৎসবের মধ্যেই বিষাদের ছায়া। কান্নার রোল পরিবারে। নিমন্ত্রণের জন্য ভাগ্নির বিয়ের কার্ড দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু মামার। সঙ্গে প্রাণ গেল আরও দুই বন্ধুর। একসঙ্গে তিন যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য মালদহের রতুয়ায়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে মালদহের রতুয়া থানার নাকাট্টি ব্রিজে। মৃত্যু হয়েছে বিশ্বজিৎ কর্মকার (২৫), ভোলা কর্মকার (২৩), এনাফুল রহমান (১৮)। এদের মধ্যে বিশ্বজিৎ ও ভোলা সম্পর্কে শ্যালক-জামাইবাবু। এনাফুল ভোলার বন্ধু।
বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলের রামায়ণপুর গ্রামে। ভোলার বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে। অন্যদিকে এনাফুল উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসিন্দা। তিনি হরিশ্চন্দ্রপুরের এক পাউরুটি ফ্যাক্টরিতে কাজ করতেন বলে জানা গিয়েছে।
কয়েকদিন পরেই বিশ্বজিতের ভাগ্নির বিয়ে। সেই উপলক্ষেই তিনজন মিলে আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন বিয়ের কার্ড দিতে। কাজ সেরে বাইকে চেপে ভালুকা থেকে ফিরছিলেন। কিন্তু, পথেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ফেরার সময় রতুয়ার নাকাটি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা এক ট্রাক্টরে গিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। মুহূর্তেই বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আর কোনও সুযোগ পাওয়া যায়নি। রাস্তাতেই শেষ হয়ে যায় তিনটি প্রাণ। খবর যায় রতুয়া থানায়। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।