উচ্চমাধ্যমিকের বায়োলজি পরীক্ষার প্রশ্ন কেমন হল? নম্বর কত উঠবে? জানালেন শিক্ষিকা, বাংলার মুখ
উচ্চমাধ্যমিকের বায়োলজিক্যাল সায়েন্স প্রশ্ন একেবারে সহজ হল। এতটাই সহজ হয়েছে যে ছাত্র-ছাত্রীরা ছাঁকা নম্বর তুলতে পারবেন বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের মতে, বেশিরভাগ প্রশ্ন একদম সহজ-সরল করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা যেমন পড়ে গিয়েছেন, তেমনই এসেছে। যে কয়েকটা প্রশ্নের উত্তর একটু ভেবেচিন্তে দিতে হবে, সেগুলির যে বিকল্প আছে, তা বেশ সহজ। ফলে নম্বর তুলতে কোনও সমস্যা হবে না বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা। তারকেশ্বর ডিগ্রি কলেজের অধ্যাপিকা শ্রেয়া সামন্তের কথায়, ‘এবারের প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে। আমার মনে হয়, যেহেতু পুরো সিলেবাসে এবার শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তাই প্রশ্নপত্র একদম সহজ করা হয়েছে। একদম ডিরেক্ট প্রশ্ন এসেছে। যারা ভালোমানের ছাত্র-ছাত্রী, তারা খুব ভালো নম্বর পাবে। আর মাঝারিমানের ছাত্র-ছাত্রী, তারাও অনায়াসে ৬৫ শতাংশ নম্বর তুলতে পারবে।’
প্রশ্নের খুঁটিনাটি ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, এক নম্বরের মাল্টি চয়েস কোয়েশ্চন (এসসিকিউ) অংশে যে যে প্রশ্ন এসেছে, সেগুলি একদম ডিরেক্ট করা হয়েছে। কোনওরকম ঘুরিয়ে-পেঁচিয়ে প্রশ্ন করা হয়নি। যাঁরা ভালোমানের পড়ুয়া, তাঁরা তো সহজেই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। মাঝারি মানের ছাত্র-ছাত্রীদেরও বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়।
একইভাবে এসএকিউ অংশ থেকেও বেশিরভাগ ডিরেক্ট প্রশ্ন এসেছে বলে জানিয়েছেন তারকেশ্বর ডিগ্রি কলেজের অধ্যাপিকা। উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন, ওই অংশে একটি প্রশ্ন ছিল যে অ্যানইউপ্লয়েডি বলতে কী বোঝো। আবার একটি প্রশ্নে মিথজীবী নাইট্রোজেন সংবর্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম জানতে হয়। এগুলি এতটাই ডিরেক্ট প্রশ্ন যে সবধরনের ছাত্র-ছাত্রীরা পারবেন।
ঠিক সেরকমভাবেই সবধরনের ছাত্র-ছাত্রীরা বড় প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে জানিয়েছেন অধ্যাপিকা। তিনি বলেছেন, ‘কোনও একটা প্রশ্ন একটু ঘুরিয়ে এলেও সেটার বিকল্প (অথবা) হিসেবে যেগুলি দেওয়া হয়েছে, সেগুলির উত্তর খুব সহজেই দিতে পারবে ছাত্র-ছাত্রীরা। বড় প্রশ্নও একেবারে সহজ এসেছে। এমন কোনও প্রশ্ন করা হয়নি, যেটা একটু জটিল বা একটু কনসেপচুয়াল।’
পুরো প্রশ্নপত্র মিলিয়ে একেবারে গুটিকয়েক প্রশ্ন কিছুটা ঘুরিয়ে আছে। যা মেরেকেটে ১০ শতাংশের মতো। অধ্যাপিকা জানিয়েছেন, ২.২ দাগের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কোন প্রকার RNA-তে NODOC দেখা যায়। এরকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু খুঁটিয়ে পড়তে হবে। ছাত্র-ছাত্রীদের একটু ভাবতে হতে পারে। তবে সেক্ষেত্রেও বিকল্প প্রশ্ন ছিল। আর সেগুলি যথেষ্ট সহজ ছিল। যেমন ২.১ দাগের প্রশ্নে জানতে চাওয়া হয় যে স্পার্মিয়েশন বলতে কী বোঝায়। বাকি প্রশ্নগুলিও সহজ ছিল। ফলে যাঁরা RNA-র প্রশ্নের উত্তরটা জানত না, তাঁদের নম্বর কমে যাবে না।