Bankura: লুকোচুরি খেলার নামে বাড়িতে ঢুকে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার যুবক – Bengali News | One youth arrested from bankura for physically harassed a minor girl
বাঁকুড়া: নাবালিকাকে ফের হেনস্থা। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার সঙ্গে লুকোচুরি খেলার নাম করে বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায়। অভিযোগ পেতেই ইন্দাস থানার পুলিশ প্রতিবেশী ওই যুবককে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ই ফেব্রুয়ারি বিকেলে নাবালিকাকে গ্রামেই তাঁর মামা বাড়িতে রেখে পাশে সেলাইয়ের কাজ করতে গিয়েছিলেন তাঁর মা। অভিযোগ, সেই সুযোগে বাড়িতে ঢোকে প্রতিবেশী এক যুবক। লুকোচুরি খেলার নাম করে বাথরুমে নিয়ে যায় নাবালিকাকে বলে দাবি। অভিযোগ, সেখানেই ওই যুবক নাবালিকাকে যৌন হেনস্থা করে। পরে বিষয়টি জানাজানি হতেই ওই নাবালিকার পরিবারের লোকজন সন্ধ্যেবেলা ইন্দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করানোর পর পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। শুরু হয় তদন্ত। আর তদন্তে নেমে বুধবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবারই অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে একদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। আজ ফের অভিযুক্ত যুবককে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। সুপ্রকাশ দাস, SDPO বিষ্ণপুর বলেন, “ইন্দাস থানায় একজন ভদ্রমহিলা এসে অভিযোগ জানান তাঁর নাবালিকা কন্যার উপর যৌন নির্যাতন হয়েছে। পকসো আইনে মামলা রুজু হয়। তারপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকা বিষ্ণপুর সুপারস্পেশালিটিতে ভর্তি।”
