Hydrogen Train: তৈরি হচ্ছে ‘বিশ্বের সবথেকে লম্বা ট্রেন’, বড় তথ্য জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব – Bengali News | Hydrogen train will be worlds longest and powerful
নয়া দিল্লি: হাইড্রোজেন ট্রেন চালানোর জন্য দ্রুত কাজ শুরু করছে ভারতীয় রেল। শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমনই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতীয় রেল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন তৈরির জন্য একটি অত্যাধুনিক প্রকল্পে কাজ করছে। রাজ্যসভায় এক লিখিত জবাবে তিনি জানিয়েছেন রেল একটি পাইলট প্রকল্প হিসেবে প্রথম হাইড্রোজেন ট্রেন তৈরি করছে, যা বিশ্বের দীর্ঘতম এবং সবথেকে শক্তিশালী ট্রেনগুলির মধ্যে একটি হবে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (RDSO) এর নির্দেশিকা অনুসারে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। সাংসদ অজিত কুমার ভুঁইয়ার এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, হাইড্রোজেন রিফিল করার জন্য বিশেষ পরিকাঠামোও তৈরি করা হবে।
এছাড়াও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় জানিয়েছেন যে গত তিন আর্থিক বছরে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) মোট ৬৪০টি বন্দে ভারতের কোচ তৈরি করেছে। সাংসদ বিক্রমজিৎ সিং সাহনির প্রশ্নের জবাবে অশ্বিনী বৈষ্ণব জানান যে কাপুরথালে আরসিএফ গত তিন বছরে মোট ৫,৪১৪টি কোচ তৈরি করেছে।
দূষণ নিয়ন্ত্রণ করতে ভারতীয় রেলের লক্ষ্য হল, ২০৩০-এর মধ্য়ে রেলকে কার্বন-মুক্ত করে ফেলা। তারই অন্যতম পদক্ষেপ এই হাইড্রোজেন ট্রেন। অন্তত ৬০ শতাংশ কম শব্দ উৎপন্ন হবে বলেও জানা গিয়েছে।