সন্দেশখালিতে হরিসভার জমি দখলের অভিযোগে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ TMCরই - 24 Ghanta Bangla News
Home

সন্দেশখালিতে হরিসভার জমি দখলের অভিযোগে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ TMCরই

Spread the love

মুখ্যমন্ত্রীর সফরের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সন্দেশখালিতে বিক্ষোভ। হরিসভার জমি দখল করে বিক্রির অভিযোগে সন্দেশখালির তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতাকর্মীরাই। সোমবার সন্দেশখালি ২ নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের জে কে মিলন বাজার সংলগ্ন নদীর চর অবৈধভাবে দখলের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবি, আগের পঞ্চায়েত প্রধানের সময় কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতে নদীর চরে ১০০ দিনের কাজের অধীনে পরিকাঠামো তৈরির কাজ হয়। তার পর সেই চর হরিসভাকে দান করেন পঞ্চায়েত প্রধান। সেখানে গত কয়েকবছর ধরে হরিসেবা চলে আসছে। সম্প্রতি শিবু হাজরার অনুগামী সমীর সরদার চর ঘিরে তা বিক্রির চেষ্টা করছেন। তাদের দাবি, শিবু হাজরার লোককে এলাকায় ঢুকতে দেবেন না তারা। অবিলম্বে দখল করা চর দখলমুক্ত করার দাবিতে সোমবার সেখানে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ‘শিবু হাজরারা এখানে একচ্ছত্র আধিপত্য চালাত। সাধারণ মানুষের কোনও কথা শুনত না। কিছুদিন সেটা বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি আবার সেই জিনিস শুরু হয়েছে। শিবুর মতো বর্বর অসভ্য লোকের কোনও শাগরেদকে আমরা এখানে ঢুকতে দেব না।’

এক বিক্ষোভকারী বলেন, এই জমি হরিসভার। হরিসভারই থাকবে। অবিলম্বে সমীর সরদারের তোলা পাঁচিল ভাঙতে হবে। নইলে আরও বড় বিক্ষোভ হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের বিক্ষোভ তোলেন আধিকারিকরা। তবে নিজেদের অবস্থানে অনড় গ্রামবাসীরা।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *