চম্পাহাটির বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, ঝলসে গেলেন ৩, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

চম্পাহাটির বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, ঝলসে গেলেন ৩, বাংলার মুখ

Spread the love

রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। এবার ঘটনাস্থল বারুইপুরের চম্পাহাটি। এক বাজি ব্যবসায়ির বাড়িতে আচমকা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। যারফলে মহিলা সহ আগুনে ঝলসে গিয়েছেন তিন জন। বিস্ফোরণের জেরে কার্যত ভেঙে চুরমার হয়ে  গিয়েছে বাড়ি, উড়ে গিয়েছে বাড়ির ছাদ। আহতদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাঁড়াল গ্রামের সর্দার পাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন: রাজ্যে বাজি তৈরির কারখানার তালিকা তৈরির নির্দেশ, বেআইনিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিন্টু মণ্ডল হলেন ওই এলাকার একজন বাজি ব্যবসায়ী। তার বাড়িতেই এদিন বিস্ফোরণ ঘটেছে। জানা গিয়েছে, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও বাড়িতে বাজি তৈরি করতেন ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর বাড়িতে প্রচুর পরিমাণে বাজি মজুত ছিল। তাতেই কোনওভাবে বিস্ফোরণ ঘটেছে। তবে অনেকের দাবি, সকেট বাজি তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক দূর পর্যন্ত বিকট শব্দ শোনা গিয়েছে। সেই শব্দ শুনেই ওই বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা সেখানে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। এই তিনজন হলেন গৃহকর্তা পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার এবং ভক্তি সর্দার। তাদের উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, এই ঘটনায় সবচেয়ে বেশি জখম হয়েছেন পিন্টু মণ্ডল। তাঁর শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছে। 

স্থানীয়রা জানান, বিস্ফোরণের পরেই ওই বাড়িতে আগুন লেগে যায়। তারা সেখানে ছুটে এসে আগুন নেভান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। যদিও বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, কোনওভাবে গ্যাস সিলিন্ডার থেকে বাজিতে আগুন লাগে। তারপরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

উল্লেখ্য, বাড়িতে বাজি তৈরি বেআইনি হওয়া সত্ত্বেও প্রশাসনের নজরদারি এড়িয়ে বাজি তৈরি করার ফলেই এই বিস্ফোরণ ঘটেছে বলে দাবি স্থানীয়দের। উল্লেখ্য, এর আগেও চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। পাশাপাশি আরও একাধিক জায়গায় বাজি কারখানায় বিস্ফরণের ফলে অনেকে প্রাণ হারিয়েছেন। গত বছর দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে ৯ জনের মৃত্যু হয়েছিল।  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *