Former prime minister Manmohan Singh: অর্থনীতির অধ্যাপক থেকে প্রধানমন্ত্রী, ফিরে দেখা মনমোহন সিংয়ের পথ চলা – Bengali News | Manmohan Singh transformed India’s economy
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (ফাইল ফোটো)
নয়াদিল্লি: অর্থনীতির অধ্যাপক। স্বল্পবক্তা। রাজনীতির সঙ্গে তাঁর তেমন সম্পর্কই ছিল না। সেই তিনিই পরে ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তাঁর হাত ধরেই উদার অর্থনীতির দরজা খোলে ভারতে। ৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
জন্ম ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর। পশ্চিম পঞ্জাবের গেহ-তে। যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। ১৯৪৭ সালে দেশভাগের সময় তাঁর পরিবার ভারতে চলে আসে। পড়াশোনায় বরাবরই মেধাবী। অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট করেন। ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে কাজ করেন।
একসময় পঞ্জাব বিশ্ববিদ্যালয়েও অর্থনীতির অধ্যাপক ছিলেন। ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দিল্লি স্কুল অব ইকোনমিকসে আন্তর্জাতিক বাণিজ্যের অধ্যাপক হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। অর্থনীতিতে তাঁর দক্ষতা নজর কাড়ে তৎকালীন মিনিস্ট্রি অব ফরেন ট্রেডের মন্ত্রী ললিত নারায়ণ মিশ্রের। মনমোহন সিংকে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন। তারপরই কেন্দ্রের অলিন্দে ছড়িয়ে পড়ে মনমোহন সিংয়ের নাম।
এই খবরটিও পড়ুন
১৯৭২ সালে অর্থমন্ত্রকের মুখ্য উপদেষ্টা নিয়োগ করা হয় তাঁকে। চার বছর পর হন অর্থমন্ত্রকের সচিব। ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত যোজনা কমিশন এবং ১৯৮২ সালে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গর্ভনর নিযুক্ত হন তিনি। সেইসময় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। ১৯৮৫ সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি।
১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত যোজনা কমিশনের চেয়ারম্যান ছিলেন মনমোহন সিং।
