Buxa Tiger Reserve: হাইকোর্টে গিয়েও হল না লাভ, আপাতত বন্ধ থাকবে বক্সা – Bengali News | Buxa Tiger Reserve case next hearing 10 th January 2025
কলকাতা: অচলাবস্থা কাটল না। কলকাতা হাইকোর্টে গিয়েও বিশেষ কোনও লাভ হল না। ভরা মরশুমে আপাতত বন্ধ থাকছে বক্সা ব্য়াঘ্র প্রকল্পের ভিতরের রিসর্ট, হোমস্টেগুলি। ১০ই জানুয়ারি পর্যন্ত সব হোটেল রিসোর্ট হোম স্টে,রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ১০ জানুয়ারি।
এ দিকে পর্যটনের ভরা মরশুমে হোটেল রিসোর্ট বন্ধ রাখতে নারাজ পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন ব্যবসায়ীদের দাবি, ৭৬০ বর্গ কিলোমিটার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলের এলাকা। বন দফতরের ১৯৮৭ সালের নোটিফিকেশন অনুযায়ী জয়ন্তী, রায়মাটাং, লেপচাখা সহ বিভিন্ন বন গ্রাম এই এলাকার বাইরে। ফলে বন দফতরের কোনও নির্দেশিকার আওতায় তারা আসবেন না। সেই কারণে তারা আগামিকাল থেকে পর্যটক রাখবেন। রাজ্য সরকারও তাঁদের পাশে আছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, ২০২২ সালে এক পরিবেশ প্রেমীর দায়ের করা মামলায় বক্সাতে প্রতিটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ বক্সার ভেতরে সব হোম স্টে,হোটেল,রেস্তোরাঁ অনুমোদনহীন বলে নোটিস দেয়। হোম-স্টে মালিকদেরও হাতে একই নোটিস ধরায় বন দফতর। তার পরেই বক্সাতে সব হোম স্টে,হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেন পর্যটন ব্যবসায়ীরা। হাইকোর্টে আজকের শুনানির দিকে তাকিয়েছিল সকলে। কিন্তু তাতেও পর্যটন ব্যবসায়ীদের কোনও সুরাহা মিলল না। বিষয়টি নিয়ে বন দফতর কোনও মন্তব্য করতে চায়নি।
