Bangladesh: ‘ললিপপ’ বনাম ‘আমলকি’, মমতাকে ‘নোংরা’ আক্রমণ রিজভির – Bengali News | BNP Leader ruhul kabir Rizvi Reacts to Mamata Banerjee’s Lolipop Remark, Says we will not suck Indian Gooseberry
মমতাকে আক্রমণ রিজভির।Image Credit source: PTI & X
ঢাকা: কলকাতা দখলের দিবাস্বপ্ন দেখছে বাংলাদেশ। তারা নাকি চারদিনেই কলকাতা, আগরতলা ও সেভেন সিস্টার্স দখল করে নেবে। বাংলাদেশের মৌলবাদীদের এই হুমকিতে কেউ হাসছেন, কেউ আবার গুরুত্বই দিতে নারাজ। তবে এই হুমকিকে হালকাভাবে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “ভাববেন না যে ললিপপ খাব”। এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বিএনপি নেতা রুহুল কবীর রিজভি বললেন, “আমরা কি আমলকি চুষব?”
কলকাতা দখলের হুমকি শুনেই সোমবার বিধানসভায় কড়া জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “যারা বলছেন দখল করবেন, তাঁরা ভাববেন না, আমরা বসে ললিপপ খাব। আপনার সেই ক্ষমতা নেই। আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু ধৈর্য্যের পরীক্ষা দিই।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রুহুল কবীর রিজভি বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাকি গোঁসা হয়েছে, কষ্ট পেয়েছে, বলেছেন বাংলাদেশ থেকে ওড়িশা, বিহার দখল করতে আসে, তাহলে কি আমরা ললিপপ খাব? আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে চুষব? তা তো আমরা চুষব না।”
প্রসঙ্গত, দিন কয়েক আগেও রিজভি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন বাংলাদেশ ইস্যুতে। বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্মনিরপেক্ষ মানুষ, অসম্প্রদায়িক , কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে, সেটা দেখলাম।”
