IND vs AUS, Rohit Sharma: রোহিত শর্মার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে? চোখে আঙুল দিয়ে ভুল দেখালেন দেশের এক প্রাক্তন! - Bengali News | Border Gavaskar Trophy: Rohit Sharma's captaincy in line of fire? - 24 Ghanta Bangla News
Home

IND vs AUS, Rohit Sharma: রোহিত শর্মার বিদায় ঘণ্টা বেজে গিয়েছে? চোখে আঙুল দিয়ে ভুল দেখালেন দেশের এক প্রাক্তন! – Bengali News | Border Gavaskar Trophy: Rohit Sharma’s captaincy in line of fire?

Spread the love

কলকাতা: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ সিরিজ হারের ক্ষত এখনও জুড়োয়নি। তারই মধ্যে অ্যাডিলেডের লজ্জা। দিন-রাতের টেস্টে ১০ উইকেটে হার। মিডল অর্ডারে নেমে মাত্র ৯ রান করেছেন। রোহিত শর্মার বিদায় ঘণ্টা কি বেজে গিয়েছে? চোখে আঙুল দিয়ে ভুল দেখিয়ে দিলেন দেশের এক প্রাক্তন ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার অ্যাডিলেডে তা নিয়েই রীতিমতো ফিসফাস শুরু হয়ে গিয়েছে। একাধিক ভুল করেছেন রোহিত। যাতে ম্যাচ দখলে নিতে সুবিধা হয়েছে অস্ট্রেলিয়ার। ১৪০ রানের অনবদ্য ইনিংস খেলে গিয়েছেন ট্রাভিস হেড। তিনি কতটা চ্যালেঞ্জ সামলেছিলেন, তা নিয়েও কথা উঠছে। আর কেউ নন, আকাশ চোপড়াই একাধিক ভুল দেখিয়ে দিয়েছেন। এই অস্ট্রেলিয়া সফরই শেষ ক্যাপ্টেন রোহিতের?

এক ভক্তের প্রশ্নের উত্তরে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেছেন, ‘হেডকে কি আমরা বাউন্সার দিয়েছি? হেডের মাথায় বাউন্সার আছড়ে পড়া উচিত ছিল। যতক্ষণ না এটা করছি আমরা, ততক্ষণ ও জ্বালাবে। এর আগেও সেটা করেছে। বিশ্বকাপ ফাইনাল, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও করেছে।’

এতেই শেষ নয়, বোলিং চেঞ্জের ক্ষেত্রেও রোহিতের গুরুতর ভুল খেলা থেকে দূরে সরিয়ে দিয়েছিল ভারতকে, এমনই মনে করছেন আকাশ। ‘জসপ্রীত মাত্র চার ওভারের একটা স্পেল করেছিল। যে স্পেলে ও উইকেটও তুলেছিল। তার পর কেন বল দেওয়া হল না ওকে? ওই পুরো সেশনে জসপ্রীত আর বল করেনি। রোহিত যে ক্যাপ্টেন্সির ক্ষেত্রে বেশ কিছু ভুল করেছিল, তাতে সন্দেহ নেই। রক্ষণাত্মক ক্যাপ্টেন্সি দেখেছি আমরা। ম্যাচটা আমরাই কঠিন করে ফেলেছিলাম।’

এতেই শেষ নয়, আকাশ তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ তথ্য। যা রোহিতের বিপক্ষেই যাচ্ছে। তাঁর কথায়, ‘ভারতের ক্যাপ্টেন হিসেবে টানা হারের নিরিখে মনসুর আলি খান পাতৌদি এগিয়ে থাকবেন। ১৯৬৭ সালে তিনি টানা ৬টা টেস্ট হেরেছিলেন। ১৯৯৯ সালে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিও ৪টে করে টেস্ট ম্যাচ হেরেছে। রোহিতও এবার সেই বন্ধনীতে। পারথে ক্যাপ্টেন ছিল না রোহিত। তাই জয় ওর খাতায় যাবে না। ঘরের মাঠে টানা তিনটে হারের পর অ্যাডিলেড। রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু চিন্তা থেকে যাচ্ছে।’

অস্ট্রেলিয়া সফর যদি নেতা হিসেবে রোহিতের শেষ সিরিজ হয়, তা হলে ভারতের নতুন ক্যাপ্টেন কে হতে পারেন? জসপ্রীত বুমরার দিকেই ঢলে রয়েছে পরিস্থিতি। পারথে তিনি বুঝিয়েছেন, ক্যাপ্টেনের মধ্যে কতটা আগুন থাকা দরকার। কতটা আগ্রাসন দরকার পড়ে বিপক্ষকে চাপে ফেলার জন্য। সেই সঙ্গে বোলারদের চমৎকার ব্যবহার। বুমরাই কি তবে ভারতের নতুন ক্যাপ্টেন হতে চলেছেন?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *