‘…বিদায় নিলাম’, ইনস্টাগ্রামে বড় সিদ্ধান্তের কথা জানালেন রূপাঞ্জনা! – Bengali News | Rupanjana Mitra write an emotional post after completing anurager chhowa shooting
এত দিন তাঁকে লাবণ্য সেনগুপ্ত নামেই দেখে এসেছে দর্শক। এই চরিত্র তাঁকে দিয়েছে যথেষ্ট জনপ্রিয়তা। নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তিনি হলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে ‘ঠাম্মি’ রূপাঞ্জনা বেশ নজর কাড়েন। কিন্তু এবার ঠাম্মির যাওয়ার পালা। প্রতিটি বিষয়েরই যেমন শুরু আছে তেমনই আবার শেষও আছে। লাবণ্য হিসাবে শেষ দিনের শুটিং করে ফেললেন রূপাঞ্জনা। সিরিয়ালের শেষ দিনের শুটিংয়ের নিজের অনুভূতির কথাই সমাজমাধ্যমের পোস্টে লিখলেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে রূপাঞ্জনা লেখেন, “লাবণ্য সেনগুপ্তকে আন্তরে রেখে এই চরিত্রটাকে বিদায় জানাচ্ছি। টানা ৩ বছর সুন্দরভাবে এই চরিত্রটির মাধ্যমে বেছে ছিলাম। লাবণ্য সেনগুপ্ত হয়েই শ্বাস নিয়েছি। তবে এবার চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসেছে। লাবণ্য শুধু একটা চরিত্র নয়, এটা আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল। এই সময়টাতে লাবণ্য হয়েই আমি হেসেছি, কেঁদেছি, লড়াই করেছি, বড় হয়েছি। শুধু একজন অভিনেতা হিসেবে নয় একজন ব্যক্তি হিসেবেও।”
সেই সঙ্গে রূপাঞ্জনা আরও যোগ করেন, “লাবণ্যকে যাঁরা দেখেছেন, যাঁরা ওকে সমর্থন করেছেন, ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের ভালোবাসার উষ্ণতাতেই এই চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছিল। আপনাদের এমন ভালোবাসা আমার কাছে উপহার, আমি সবসময় এটা মনে রাখব। যখন আমি এই চরিত্রটিকে বিদায় জানাচ্ছি, তখন আমি আমার সঙ্গে এই চরিত্রটিকে ধারণ করে চলেছি। এই চরিত্রটির সঙ্গেই আমার অনেক স্মৃতি রয়েছে। আশারাখি চরিত্রটি সবসময়ের জন্য আপনাদের হৃদয় স্পর্শ করে থাকবে। আমাকে আপনাদের প্রিয় লাবণ্য হতে দেওয়ার জন্যও ধন্যবাদ। লাবণ্য মতো চরিত্র চিরকাল আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে।”