Woman’s Body Chopped: শ্রদ্ধাকাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে, যুবতীর দেহ ৩০ টুকরো করে রাখা ফ্রিজে – Bengali News | Body of a woman found chopped into some 30 pieces and kept inside a fridge in Bengaluru
বেঙ্গালুরু: নৃশংস। ভয়ানক। দিল্লির শ্রদ্ধা ওয়াকার খুনের ছায়া এবার বেঙ্গালুরুতে। একটি ফ্ল্যাটের ফ্রিজের মধ্যে থেকে বছর ছাব্বিশের যুবতীর টুকরো টুকরো দেহাংশ উদ্ধার হল। যুবতীর দেহ ৩০ টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেওয়ার পর দেহের টুকরোগুলি উদ্ধার হয়।
বেঙ্গালুরুর বালিকাভাল এলাকায় এক কামরার ওই ফ্ল্যাটে থাকতেন যুবতী। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোয় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। বেঙ্গালুরু পশ্চিমের অতিরিক্ত পুলিশ কমিশনার সতীশ কুমার বলেন, “দেখে মনে হচ্ছে, দেহের টুকরোগুলি বেশ কয়েকদিন ওই ফ্রিজে রয়েছে। মৃতের পরিচয় জানা গিয়েছে। যুবতী বেঙ্গালুরুতে থাকতেন। তবে তাঁর বাড়ি অন্য রাজ্যে।”
প্রাথমিক তদন্তের পর আরও তথ্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। দেহের টুকরো উদ্ধারের পরই ঘটনাস্থলে আসে ডগ স্কোয়াড ও ফিঙ্গারপ্রিন্ট টিম। ফরেনসিক দলকে ডাকা হয়েছে বলে সতীশ কুমার জানান। কে বা কারা এই খুনে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে বেঙ্গালুরু পশ্চিমের অতিরিক্ত পুলিশ কমিশনার নিশ্চিত করেন, ঘটনাটি এদিন ঘটেছে। তা আগেই হয়েছে।
এই খবরটিও পড়ুন
২০২২ সালে দিল্লিতে ২৭ বছরের শ্রদ্ধা ওয়ালকারকে খুনের অভিযোগ ওঠে তাঁর প্রেমিক আফতাব আমিন পুনেওয়ালার বিরুদ্ধে। শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করা হয়েছিল। তারপর দেহের টুকরোগুলি নিকটবর্তী জঙ্গলে আফতাব ফেলে এসেছিলেন।
