Guardians agitation: ‘সাড়ে ১১ টার আগে আসেন না প্রধান শিক্ষক’, ‘শিক্ষা’ দিল অভিভাবকরা – Bengali News | Guardians locked teacher in a classroom for coming late in school
প্রধান শিক্ষককে তালাবন্দি করে রাখেন অভিভাবকরা
পূর্বস্থলী: স্কুল চালু হয়ে গিয়েছে। প্রধান শিক্ষকের দেখা নেই। অভিযোগ, এই ঘটনা বিচ্ছিন্ন নয়। প্রত্যেকদিনই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেরি করে স্কুলে আসেন। বারবার বলেও কোনও কাজ হয়নি। তাই, প্রধান শিক্ষককে ‘শিক্ষা’ দিতে মঙ্গলবার স্কুলে হাজির হন অভিভাবকরা। প্রধান শিক্ষককে ক্লাসরুমে ঢুকিয়ে তালা লাগিয়ে দেন। ঘটনাটি পূর্বস্থলী ১ নম্বর ব্লকে।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুরের ওই স্কুলে প্রায় ১২-১৩ বছর আগে যোগ দেন দেবনারায়ণ লাহা নামে ওই শিক্ষক। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষক সময় মতো স্কুলে আসেন না। মঙ্গলবার প্রধান শিক্ষক দেরি করে আসার পরই রুমে ঢুকিয়ে তালা দেন অভিভাবকরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন।
এক অভিভাবক বলেন, “সঠিক সময়ে কোনওদিন আসেন না প্রধান শিক্ষক। সাড়ে এগারোটার আগে কোনওদিন আসেন না। মাঝে মাঝে তার থেকেও দেরিতে আসেন। স্কুলে পড়াশোনার পরিবেশ নেই। আমরা এর আগে এসআই অফিসে জানিয়েছি।” আর এক অভিভাবিকা বলেন, “এর আগে অনেকবার আমরা প্রধান শিক্ষককে বলেছি। সময়ে আসার কথা বলা হয়। কিন্তু, উনি কোনও কথা কানে তোলেননি। প্রত্যেক দিনই দেরি করে আসেন। তাই, আজ বাধ্য হয়ে তালা দেওয়া হয়েছে।”
এই খবরটিও পড়ুন
ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবনারায়ণ লাহা। ফোনে তিনি জানান, অভিযোগ মিথ্যা। শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিন স্কুলে আসতে দেরি হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)