Sandip Ghosh: পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টে সন্দীপ ঘোষ – Bengali News | Sandeep Ghosh former principle of RG Kar medical seek police protection appeal in Calcutta High Court
কলকাতা: পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। তবে শুক্রবারই কোনও নির্দেশ দিলেন না বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগেও একাধিকবার আরজি করের অধ্যক্ষ থাকাকালীন বিভিন্ন অভিযোগে বিদ্ধ হয়েছেন সন্দীপ ঘোষ। তাঁর বদলির অর্ডার হয়েছিল স্বাস্থ্য ভবন থেকে। অথচ কোনও এক অজানা কারণে সেই অর্ডার পত্রপাঠ বাতিল গিয়েছে রাতারাতি। তবে সম্প্রতি আরজি করে যে ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে চেয়ার ছাড়তে হয় সন্দীপ ঘোষকে।
তবে আরজি কর থেকে সরতে হলেও স্বাস্থ্যভবন তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ করে। যা নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয় সেখানকার পড়ুয়াদের মধ্যে। কলকাতা হাইকোর্টে মামলা হয়। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে মামলা উঠতেই কড়া সমালোচনার মুখে পড়তে হয় সন্দীপ ঘোষকে।
এই খবরটিও পড়ুন
আদালত সময়সীমা বেধে দিয়ে বলেছিল তাঁকে লম্বা ছুটিতে যেতে। প্রধান বিচারপতি এও বলেছিলেন, ‘সন্দীপ ঘোষ ছুটির আবেদন করলে অবিলম্বে তা গ্রহণ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না।’
আপাতত আরজি করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলার তদন্ত করছে সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ হিসাবে তাঁকেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে যে কোনও সময়। এরইমধ্যে আবার গতকাল শোনা যাচ্ছিল, বেলেঘাটা এলাকায় সন্দীপ ঘোষের বাড়িতে হামলা হয়েছে। এই আবহে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ। চাইলেন নিরাপত্তা।