বিক্রম আবেগাপ্লুত! মাধবনের শুভেচ্ছা পেয়ে আশার আলো দেখছেন অভিনেতা – Bengali News | This is what r madhavan has about Bengali actor Vikram Chatterjee
ছবির জগতে নিজের পায়ের তলার জমি শক্ত করছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত ‘পারিয়া’ ছবিটি প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন খোদ ববি দেওল। এবার বিক্রমের ‘সূর্য’ ছবির জন্য তাঁকে শুভেচ্ছা জানালেন অভিনেতা আর মাধবন। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বিক্রমের জন্য একটি ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন তিনি। তাতে বিক্রমকে মন খুলে শুভেচ্ছা জানিয়েছেন মাধবন। তা দেখে আপ্লুত বিক্রম। তিনি মনের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন টিভি নাইন বাংলা ডিজিটালকে।
পরিচালক শিলাদিত্য মৌলিকের পরিচালিত ‘সূর্য’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বিক্রম। ছবিটি আর মাধবনের ‘মারা’ ছবির রিমেক। ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন মাধবন। সেই চরিত্রটি এবার পর্দায় ফুটিয়ে তুলবেন বিক্রম। তরুণ অভিনেতাকে উৎসাহ দিতেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মাধবন। ভিডিয়োতে তিনি বলেছেন, “আমার মনের খুব কাছের একটি কাজ ‘মারা’। ছবিটিতে আমি নায়কের চরিত্রে অভিনয় করেছিলাম। কোনওদিনও ভুলতে পারব না চরিত্রটি। ছবিটি বাংলায় রিমেক করা হচ্ছে। তাতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। মন থেকে তাঁকে শুভেচ্ছা জানাতে চাই আমি। আমার বিশ্বাস ছবিটি সকলের ভাল লাগবে।”
এই খবরটিও পড়ুন
মাধবনের শুভেচ্ছাবার্তা পেয়ে দারুণ আপ্লুত বিক্রমও। তা নিয়ে টিভি নাইন বাংলা ডিজিটালকে অভিনেতা বলেছেন, “আর মাধবন সবসময়ই আমাদের প্রিয় অভিনেতা। তাঁর ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ আমাদের খুবই প্রিয়। আমি যখন ‘সূর্য’ ছবিটি করব বলে প্রস্তুতি নিচ্ছিলাম, তখন থেকেই জানি সেই ছবির ধাঁচে ‘মারা’ বলে একটি তামিল ছবি হয়েছিল। সেখানে মাধবন অভিনয় করেছিলেন। আমার ভাল লাগছে এটা ভেবে যে, যে গল্পে দুলকর সলমন এবং আর মাধবন কাজ করছেন, তাতে আমি কাজ করছি। যিনি ‘মারা’ প্রযোজনা করেছেন, প্রদীপ চক্রবর্তী, তিনি ‘সূর্য’ও প্রযোজনা করছেন। তিনি তামিল এবং মারাঠিতে কাজ করেছেন। তাঁর মনে হয়েছে নিজের মাতৃভাষাতেও ছবিটা তৈরি করবেন। এই গল্পের আত্মা তাঁর খুবই কাছের। এই ছবিটি ইতিবাচকতা বহন করে। আশার আলো দেখায়। তাই নিজের ভাষাতেও গল্পটি তিনি বলতে চেয়েছেন। আমি নিজেও আশার আলো দেখতে পাচ্ছি।”