মালদ্বীপ অধ্যায় অতীত, হনিমুন সেরে ফিরতেই ছুটে বেড়াচ্ছেন কাঞ্চন! – Bengali News | After returning from maldives kanchan mallick is very busy
শ্রীময়ীর সঙ্গে হনিমুনে মালদ্বীপ।
কখনও জলকেলি আবার কখনও বা ওয়াটার ভিলায় বউ শ্রীময়ী চট্টরাজকে সারপ্রাইজ! মালদ্বীপে হনিমুন চুটিয়ে উপভোগ করেছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। তবে ছুটি কাটিয়ে ফিরে এসেছেন সদ্য। আর ফিরেই যেন দম ফেলার ফুরসৎ নেই তাঁর। ছিলেন না বেশ কিছু দিন। বাকি রয়েছে অনেক কাজেই। তাই আজ সারাদিন তাঁর কেটেছে এ কার্যালয় থেকে সেই কার্যালয়ে! অন্তত কাঞ্চনের সামাজিক মাধ্যমে দাবি তেমনটাই।
এ দিন সকালে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে কাঞ্চন লেখেন, “আজ মাখলা বাঘাযতীন ক্লাবের কার্যালয়ে কিছু মুহূর্ত”। এর পরেই চলে যান সোজা কোন্নগর। সেখানে তৃণমূল কার্যালয় থেকেও ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। তবে তাঁর মালদ্বীপ ভ্রমণ নিয়ে কটাক্ষ কিন্তু থামেনি। একজন লেখেন, “এবার উত্তরপাড়ার অলিগলি গুলো ঘুরুন। যেটাকে মলদ্বীপ বানিয়েছেন সেখানে তো একা একবার ঘুরে দেখুন। যেখানের বিধায়ক সেখানে ক’টা রাস্তা দেখেছেন ? আপনি ক’টা পাড়ায় ঘুরে দেখেছেন ? আপনি কোন উন্নতির সহায়ক ? হে বিধায়ক !” আর একজন লেখেন, “দাদা এবার তো একটু কাজে মন দিন”।
এই বছরই ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসের দিন আইনি বিয়েটা সেরে ফেলেন কাঞ্চন ও শ্রীময়ী। এর মাস খানেক পর সামাজিক বিয়ে সম্পন্ন হয় তাঁদের। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ফারাক থেকে শুরু করে কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। যদিও সেই সব আলোচনা সামলে সদ্য হনিমুন সেরে ফিরেছেন বিধায়ক। জনগণের আর্তি তাঁর কাছে কতটা পৌঁছয়, তা তো সময়ই বলবে।