মোদীর হাতিয়ারই ‘ভোঁতা’ করতে চাইছেন শরিকরা, এবার লড়বেন কোন অস্ত্রে? – Bengali News | NDA Allies Demanding Core Ministries like Defence, Home Ministry, Can PM Modi Keep up this Government?
নরেন্দ্র মোদী ও এনডিএ জো়টের বাকি শরিকরা।
নয়া দিল্লি: নির্বাচন মিটেছে, সরকার গঠনেরও এক ধাপ পূরণ হয়ে গিয়েছে। রবিবারই প্রধানমন্ত্রীর পাশাপাশি শপথ গ্রহণ করেছেন ৭১ মন্ত্রী। এবার তাদের মন্ত্রক বন্টনের পালা। আজকের ক্যাবিনেট বৈঠকেই প্রধানমন্ত্রী মোদী সকল মন্ত্রীদের মধ্যে দফতর ভাগ বা বন্টন করে দিতে পারেন। আর এখানেই উঠছে একটা বড় প্রশ্ন। মোদী তথা বিজেপির নিয়ন্ত্রণে থাকা মন্ত্রকগুলিতে যদি ভাগ বসাতে যায় শরিকি দলগুলি?
বিগত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদী সরকার যে মন্ত্রকগুলির উপরে ভিত্তি করেই উন্নয়নযজ্ঞের প্রচার চালিয়েছে, এবার তার দিকেই নজর রয়েছে জোট শরিকদের। তা সে স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রক হোক কিংবা গ্রামোন্নয়ন বা সড়ক পরিবহন মন্ত্রক। এই দফতরগুলি বরাবরই বিজেপির হাতে থেকেছে। এই মন্ত্রকের কাজ নিয়ে জনগণের মধ্যে ভাল ভাবমূর্তি রয়েছে। এবার সেই মন্ত্রকগুলির দিকেই নজর জোট শরিকদের।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই শরিকদের নিয়ে এই চিন্তায় পড়েছে বিজেপি, কারণ এবারে একা সংখ্য়াগরিষ্ঠতা পার করতে পারেনি তারা। ফলে এনডিএ সরকারে শরিকদের মুখাপেক্ষীই হয়ে থাকতে হচ্ছে বিজেপি-কে। মন্ত্রিসভার বন্টনে ১১ জন মন্ত্রী বাকি শরিকি দলগুলির।
জোট সঙ্গীরাও সুযোগ বুঝে নিজেদের বিস্তর দাবি-দাওয়া জানিয়েছে। একদিকে টিডিপি যেখানে স্পিকার পদ চেয়েছে, তেমনই তাদের নজর প্রথম থেকেই স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, গ্রামোন্নয়নের উপরে। টিডিপির পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এই মন্ত্রকগুলিই দেওয়ার প্রস্তাব প্রথমে জানিয়েছিলেন চন্দ্রবাবু, এমনটাই সূত্রের খবর।
অন্যদিকে, নীতীশ কুমারও কম যান না। জেডিইউ নেতা রেল মন্ত্রকের দাবি করেছেন। তিনিও এই দাবিতে নাছোড়বান্দা। বিহারের আরেক দল, এলজেপির নেতা চিরাগ পাসওয়ানও এবার মন্ত্রী হয়েছেন। তিনি আবার বাবা রামবিলাস পাসওয়ানের হাতে থাকা দফতর, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন দফতরের দাবি জানিয়েছেন।
এর পাশাপাশি কর্নাটকের দল জেডিএস থেকে মন্ত্রী হয়েছেন কুমারস্বামী। তিনি কৃষি মন্ত্রকের দাবি করেছেন বলেই খবর।
তবে সূত্রে খবর, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বিদেশ-এই চার গুরুত্বপূর্ণ দফতর নিজের হাতেই রাখবে বিজেপি। পাশাপাশি নিতিন গড়করীর মন্ত্রকও ছাড়তে নারাজ বিজেপি। এই মন্ত্রকগুলি বাদ দিয়েই শরিকদের অন্যান্য মন্ত্রকে দায়িত্ব দেওয়া হবে।