Jakir Hossain: ৩ বছর পর আবার! ফোনে আসা একটা মেসেজই ‘ঘুম কেড়েছে’ TMC-র জাকিরের – Bengali News | TMC MLA Jakir Hossain Got Threat Message In Murshidabad Jangipur
জঙ্গিপুর: মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে বোমা মারার হুমকি। তৃণমূল বিধায়কের দাবি, হোয়াটস অ্যাপে তাঁর কাছে বোমা মারার হুমকি এসেছে। ইতিমধ্যে সুতি থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন জাকির। পুলিশ-প্রশাসনকে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।
এ দিন সাংবাদিক বৈঠক করে বিধায়ক বলেন, “আমার হোয়াটস অ্যাপে বিভিন্ন ধরনের গালিগালাজের মেসেজ করা হয়েছে। লেখা হয়েছে বোমা মেরে দেব। সুতি থানায় আমি অভিযোগ করেছি। চাইব পুলিশ প্রশাসন যেন কড়া পদক্ষেপ নেয়।” তাঁর আরও অভিযোগ, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। সেই কারণে আমাদের হেনস্থা করা হচ্ছে। কিছু দালাল বিভিন্নভাবে হুমকি দিচ্ছে রেইড করিয়ে দেব। মিথ্যা কেসে ফাঁসিয়ে দেব। আমরা যেহেতু তৃণমূল করি সেই কারণে আমাদের হুমকি দেওয়া হয়েছে। গালাগালি করা হচ্ছে।”
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ই ফেব্রুয়ারি নিমতিতা রেল স্টেশনে এই জাকির হোসেনকেই লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। সেই সময় গুরুতর জখম হয়েছিলেন তিনি। এরপর ফের বোমা মারার হুমকি আসায় কার্যত চিন্তায় ঘুম উড়েছে তৃণমূল বিধায়কের।