TMC: ভূপতিনগরে তৃণমূল নেতাকে মেরে কোমর ভেঙে দেওয়ার অভিযোগ – Bengali News | Allegation Tmc leader beaten badly by miscreants at bhupatinagar
হাসপাতালে ভর্তি নেতা। Image Credit source: TV9 Bangla
পূর্ব মেদিনীপুর: মাঝে আর একদিন বাকি নির্বাচনের। তার আগে তাতছে পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা। তমলুকের নন্দীগ্রামের পর এবার কাঁথির ভূপতিনগরে অশান্তি। তৃণমূলের ব্লক সভাপতিকে মেরে কোমর ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। এমনকী মাথা ফাটিয়ে দেওয়া হয় আরেক যুব তৃণমূল নেতার। ভগবানপুর-২ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অম্বিকেশ মান্না ও যুব সভাপতি দ্বারকেশ্বর দাসকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
জেলা তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা বলেন, “বিজেপির লোকেরা ওনাদের মারধর করেছে। অম্বিকেশবাবু-সহ আমাদের আরেক কর্মীর উপর হামলা করেছে। হাসপাতালে ভর্তি তাঁরা। পুলিশকে জানিয়েছি। আমরা এর বিচার চাই।”
তৃণমূলের স্থানীয় এক নেতার দাবি, “অর্জুননগরে আমাদের দলীয় কর্মসূচি ছিল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে। মূলত ব্লক প্রেসিডেন্ট হিসাবে মিটিংয়ে যাবেন বলে বাড়ি থেকে বেরোন। উনি নিজেই বলেছেন, একতারপুর স্ট্যান্ড থেকে মাধাখালির দিকে আসার পথে একটি বাইকে তিনজন আসেন। অম্বিকেশবাবুর বাইকের সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বিজেপির তিনজন হুমকি দেন। এরপর অম্বিকেশবাবুর উপর হামলা করে। বাইক থেকে পড়ে যান তিনি। ফেলে রড দিয়ে মারে। অম্বিকেশ বাবুর বুকে লেগেছে। মনে পাথর, রড দিয়ে মেরেছে।”
যদিও জেলা বিজেপি সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলেন, “এসব অভিযোগের কোনও ভিত্তি নেই। তৃণমূল ওখানে যে ধরনের সন্ত্রাস করে বিজেপি ওখানে দাঁড়াতেই পারবে না। তাদের নিজেদের দ্বন্দ্বকে বিজেপির ঘাড়ে চাপিয়ে লাভ নেই।”