Loksabha Election-Bengal: ‘ভোট দিয়ে বেরতেই এক লাথি… তারপর গলায় চালাল ব্লেড’, ভয়ঙ্কর অভিযোগ পূর্বস্থলীতে – Bengali News | TMC workers throat slit with bled when he went to cast his vote at burdwan
পূর্বস্থলী: চতুর্থ দফার ভোটের শেষবেলাতেও সেই রক্তপাতের ছবি দেখা গেল বাংলায়। ভোট দিতে আক্রান্ত হতে গল তৃণমূল কর্মীকে। গলায় ব্লেড চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানের পূর্বস্থলীতে। কে বা কারা এমনভাবে আক্রমণ চালাল, তা এখনও স্পষ্ট নয়। তবে বিজেপি দাবি করছে, তৃণমূল কর্মীকে আক্রমণ করেছে তৃণমূলের একাংশই। ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোলের জেরে তৃণমূলের অপর গোষ্ঠী এই কাজ করেছে বলে দাবি বিজেপির।
পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত আলুরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ৩৯ নম্বর বুথের ঘটনা। বিষ্টু ওরাও নামে ওই ব্যক্তি নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, ভোট দিয়ে বেরনোর সময় তাঁকে লাথি মেরে, তাঁর গলায় ব্লেড চালিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। কী কারণে তাঁর উপর আক্রমণ, কিছু বুঝে উঠতে পারছেন না তিনি।
ওই ব্যক্তি জানান, বরাবরই তিনি তৃণমূল করেন। কাজ করেন একজন সাধারণ কর্মী হিসেবে। তাঁর কোনও শত্রু আছে বলেও মনে করেন না তিনি।
এক বিজেপির মণ্ডল সভাপতি বলেন, শাসক দল প্রচুর টাকা ছড়াচ্ছে। সেই টাকা খাওয়া নিয়েই সমস্যা হয়েছে বলে আমার মনে হয়। তৃণমূল পঞ্চায়েত ভোটের মতো করে ভোট করাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।