SSC Scam Case: ‘যোগ্য’ চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে সরকার: সূত্র – Bengali News | Ssc scam case: The west bengal government will pay the salary of april to each of the unemployed teachers who lost their job by calcutta high court order
যোগ্য চাকরিপ্রার্থীদের বেতন দেবে সরকারImage Credit source: TV9 Bangla
কলকাতা: ভোটের আগে অন্যতম বড় খবর। ‘যোগ্য’ চাকরিহারাদের প্রত্যেককে এপ্রিলের বেতন দেবে সরকার। এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার ও এসএসসি। সেই মামলা উচ্চ-আদালতে গৃহীত হয়েও গিয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, এপ্রিল মাসের বেতন ‘যোগ্য’ চাকরিহারারা পাবেন। যেহেতু মামলাটি আদালতে বিচারাধীন। সেই কারণে চাকরিহারাদের বেতন এখনই বন্ধ করবে না রাজ্য সরকার।
প্রসঙ্গত, গত সোমবার অর্থাৎ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদির। চাকরি বাতিল হয় ২৫ হাজার ৭৫৩ জনের। সুপার নিউমেরিক পোস্টে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের সুদ সমেত বেতনও ফেরত দিতে হবে বলে নির্দেশ দেয় কোর্ট। চার সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনই জানান তিনি চাকরিহারা সকলের পাশে রয়েছেন।
যেহেতু বিষয়টি বিচারাধীন, সরকার কি বেতন দিতে পারে?
কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে। তবে এখনও এসএসসি ও ডিআই-দের কাছে কোনও বার্তা যায়নি যে, চাকরিহারাদের নিয়োগপত্র বাতিল করা হল বা উইথ ড্র করা হল। ফলত, কোনও পদক্ষেপ করার আগেই সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। যেহেতু মামলা বিচারাধীন সেই কারণে কোনও নির্দেশ বা পর্যবেক্ষণ আসার আগে সরকার বেতন দেবে বলেই সূত্রের খবর।
এ প্রসঙ্গে বিজেপি নেতা তথা আইনজীবী বলেন, “এই সিদ্ধান্ত চূড়ান্ত আদালত অবমাননার সামিল। হাইকোর্ট যখন বেতন ফেরত দিতে বলেছে, তারপরও যখন সরকার বেতন দেওয়ার কথা বলছে আদালতের নির্দেশ ছাড়াই এটা চূড়ান্তভাবে আদালত অবমাননার সামিল।” তিনি আরও বলেন, “আগ বাড়িয়ে রাজ্য সরকার যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে আদালত অবমাননার সময়। বিষয়টি কোর্টের দৃষ্টিগোচর করব।”