Vivek Sahay: বাংলা-গুজরাটের দুই ডিজি দুই ভাই, লোকসভা ভোটে বিবেক-বিকাশ ‘সহায়’ কমিশনের – Bengali News | Vivek Sahay has been appointed as the next DGP of West Bengal he is brother of Vikash Sahay dgp gujrat
বিবেক সহায় ও বিকাশ সহায়। Image Credit source: TV9 Bangla
কলকাতা: দুই রাজ্য পুলিশের ডিজি এবার দুই ভাই। ‘সৌজন্যে’ জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গ ও গুজরাত যুযুধান দুই রাজ্য। দুই রাজ্যের নেতাদের মধ্যে ঠোকাঠুকিও লেগেই থাকে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের সৌজন্যে এবার দুই রাজ্যের পুলিশ অভিভাবক হিসাবে পেল রক্তের সম্পর্কের দুই ভাইকে। পারিবারিক সূত্রে জুড়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশ ও গুজরাত পুলিশ।
গুজরাত পুলিশের ডিজিপি বিকাশ সহায় সদ্য দায়িত্ব পাওয়া পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি বিবেক সহায়ের নিজের ভাই। বিবেক বড়, বিকাশ ছোটভাই। বিবেক ১৯৮৮ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার। বিকাশ ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার।
সোমবার নির্বাচন কমিশনের নির্দেশের জেরে দেশের মধ্যে এই প্রথম রক্তের সম্পর্কের দুই ভাই দুই রাজ্য পুলিশের ডিজিপির দায়িত্বে এলেন। সোমবারই জাতীয় নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় শুরু হয় নানা গুঞ্জন। রাজ্য সরকার বিবেক সহায়কে ডিজিপি পদে নিয়ে আসে। রাজ্যের মানুষ যখন এই বদলি নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন এই সিদ্ধান্তের জেরে নীরবে কাছে চলে এল দুই রাজ্যের পুলিশ পরিবার।