BSF: লুকিয়ে ভারতে প্রবেশ? বাধা দিতেই হামলা, পাল্টা বাংলাদেশিকে ঝাঁঝরা করল BSF

গঙ্গারামপুর: বেআইনিভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা। বাধা দিলে বিএসএফ জওয়ানদের উপর হামলার অভিযোগ এক বাংলাদেশি পাচারকারীর বিরুদ্ধে। আত্মরক্ষাতে বিএসএফ গুলি চালালে মৃত্যু হয় ওই বাংলাদেশি পাচারকারীর। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মল্লিকপুর বিওপি এলাকায় ৷
মৃত বাংলাদেশি পাচারকারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। এদিকে বিএসএফ রাতের বেলায় দেহটি উদ্ধার করে তা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ৷ এ নিয়ে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিএসএফ। পুলিশ দেহটি মনতন্ত্রের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।
মৃতের নাম পরিচয় জানার পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফের ৯১ নাম্বার ব্যাটেলিয়নের জওয়ান ও গঙ্গারামপুর থানার পুলিশ। যদিও এনিয়ে বালুরঘাটে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচনের আগে রোহিঙ্গাদের দিয়ে অনুপ্রবেশ করিয়ে শান্ত জেলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেই সুকান্ত’র দাবি। যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের। জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, “উনি আদৌ বাংলাদেশি কি না তা জানা যায়নি। বিএসএফ-এর এই কার্যকলাপ আগেও দেখেছি। আর বর্ডার এলাকার মানুষ বিএসএফ-এর এই কাজ কর্মে তিতিবিরক্ত হয়ে রয়েছে।”