‘CAA কখনও প্রত্যাহার করা হবে না’, সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ – Bengali News | Union Home Minister Amit Shah Says CAA will be Never Taken Back, Slams Opposition Parties
নয়া দিল্লি: আইন পাশ হওয়ার চার বছর পর অবশেষে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ। এই আইন কার্যকর হতেই বিতর্ক-সমালোচনাও শুরু হয়েছে। তবে বিরোধীদের কাছে অবদমিত হতে নারাজ কেন্দ্রীয় সরকার। সিএএ কখনও প্রত্যাহার করা হবে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন এ কথা।
এ দিন সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সিএএ কখনও প্রত্যাহার করা হবে না। ভারতে নাগরিকত্ব নিশ্চিত করার সার্বভৌম সিদ্ধান্ত এটি। এই সিদ্ধান্তের সঙ্গে আমরা কখনও আপোশ করব না।”
চলতি সপ্তাহের সোমবারই কেন্দ্রীয় সরকার সিএএ কার্যকর করার নির্দেশিকা জারি করে। এরপরই বিরোধীরা সমালোচনার ঝড় তোলে। বিশেষ করে ইন্ডিয়া জোটের সদস্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই আইন কার্যকর হতে দেবেন না বলেছেন। এই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রয়েছেন। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে এই আইন প্রত্যাহার করা হবে বলেও তাঁরা দাবি করেছেন।
এ দিন বিরোধীদের কড়া জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধীরাও জানে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বললেই চলে। ইন্ডি জোট নিজেও জানে ওরা কখনও ক্ষমতায় আসবে না। বিজেপি সিএএ এনেছে, নরেন্দ্র মোদী সরকার এই আইন এনেছে। এই আইন প্রত্যাহার করা অসম্ভব। আমরা এই আইন নিয়ে দেশজুড়ে সচেতনতার প্রচার করব যাতে যারা এই আইন প্রত্যাহার করতে চায়, তারা কোনও সুযোগই না পায়।”
বিরোধীদের অভিযোগ, সিএএ এনে বিজেপি ভোটব্যাঙ্ক তৈরি করছে। এর কড়া জবাব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধীদের কোনও কাজ নেই। ওদের ইতিহাস রয়েছে, মুখে এক কথা বলা আর অন্য কাজ করার। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির ইতিহাস আলাদা। প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি যা বলে, তা পাথরে খোদাই শব্দের মতো। প্রধানমন্ত্রী মোদীর দেওয়া প্রতিটি গ্যারান্টি পূরণ হয়েছে।”
বিস্তারিত আসছে….