কবে থেকে শুরু শোভন-সোহিনীর প্রেম? সবটা বলে দিলেন ‘প্রাক্তন’ ইমন – Bengali News | Iman chakraborty shared every details of sobhan ganguly and sohini sarkar love life
ইমন চক্রবর্তীর সঙ্গে শোভন গঙ্গোপাধ্যায়ের বিচ্ছেদ হয়ে গেলেও আজও তাঁরা বন্ধু। দু’জনের মধ্যে সম্পর্ক বেশ ভাল। এই মুহূর্তে সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে রয়েছেন শোভন। কিছু দিন আগে ঘুরে এসেছেন বিদেশ থেকে। প্রেমদিবসে সোহিনীর হাতে আংটি দেখে অনেকেই ভেবেছিলেন বুঝি চুপি চুপি এনগেজমেন্ট সেরে ফেলেছেন ওঁরা। এবার শোভন ও সোহিনীর প্রেম নিয়ে অকপট শোভনের প্রাক্তন, জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমন জানিয়েছেন, বেশ কিছু সময় আগে যিশু সেনগুপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন তিন জনেই। সেখান থেকেই কাছাকাছি আসেন ওঁরা। অন্তত ইমন জানিয়েছেন এমনটাই।
সারা দুনিয়া তাঁদের প্রেম সম্পর্কে জেনে গেলেও এখনও পর্যন্ত সম্পর্কে শিলমোহর দেননি শোভন ও সোহিনী। মাঝে ছবি দিয়েও মুছে দিয়েছেন একাধিকবার। অথচ ইমন জানিয়েছেন, শোভন ও সোহিনী দু’জনের সঙ্গেই তাঁর সম্পর্ক বেশ ভাল। মনের মধ্যে নেই কোনও তিক্ততা। ইমনের পর স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম হয় শোভনের। তবে কিছু দিন পর ভেঙেও যায় তাঁদের প্রেম। সে সময় তাঁদের প্রেম ভাঙার কারণ হিসেবে দায়ী করা হয়েছিল ইমনকে। ইমনের বক্তব্য শুনতে টিভিনাইন বাংলা যোগাযোগ করে খোদ গায়িকার সঙ্গে। তিনি বলেছিলেন, ““আমি চাই ওঁরা ভাল থাকুক। তখনও শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।”