Ravichandran Ashwin: অশ্বিন শততম টেস্টে রুটকে বাগে আনবেন কী ভাবে? ফাঁস পরিকল্পনা – Bengali News | Cheteshwar Pujara reveals Ravichandran Ashwin’s special tactics against Joe Root ahead of his 100th Test
Ravichandran Ashwin: অশ্বিন শততম টেস্টে রুটকে বাগে আনবেন কী ভাবে? ফাঁস পরিকল্পনা
Image Credit source: X
কলকাতা: হাতে আর মাত্র ১টা দিন। ক্যালেন্ডার বলছে আজ ৫ মার্চ। ৭ মার্চ লক্ষ্মীবারে ধরমশালায় ভারত-ইংল্যান্ড টেস্টের পঞ্চম ম্যাচ। যা আবার শততম টেস্ট ম্যাচ হবে ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। ধরমশালায় ইংল্যান্ডের একাদশে যদি সুযোগ পান জনি বেয়ারস্টো, তা হলে ইংলিশ ক্রিকেটারেরও সেটি হবে শততম টেস্ট। এই সিরিজ রবিচন্দ্রন অশ্বিনের কাছে বিশেষ। কারণ, কয়েকদিন আগেই তিনি ৫০০টি টেস্ট উইকেটের রেকর্ড স্পর্শ করেছেন। এ বার নামবেন টেস্টের মাইলফলক ম্যাচে। পঞ্চম টেস্টের আগে ভারতের এক সিনিয়র ক্রিকেটার জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে কী ভাবে সফল হয়েছেন অশ্বিন। জো রুটকে শেষ টেস্টে কী ভাবে বাগে আনবেন অশ্বিন? সে কথাও ফাঁস করেছেন ভারতীয় তারকা।
ESPNcricinfo-র এক কলামে ভারতীয় তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা লিখেছেন, ‘কোন ব্যাটার কী রকম শট খেলতে পারেন, তা অ্যাশ (অশ্বিন) বেশ ভালো বুঝতে পারেন। তাই বলতে হয় ও মাঠের মধ্যে এই দিক থেকে এক ধাপ এগিয়ে থাকে। ও ক্রমাগত ব্যাটারকে পর্যবেক্ষণ করে এবং প্রতিটি ডেলিভারি অত্যন্ত মেপে করে। কয়েক দিন আগে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০০টি টেস্ট উইকেট নেওয়ার পর অ্যাশ আরও একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। ১০০তম টেস্ট খেলতে চলেছে ও। আমি ওর জন্য সত্যিই ভীষণ খুশি। ও সব সময় চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। দলের প্রয়োজনে সব সময় তৈরি থাকে। শততম টেস্টটা ওর জন্য প্রাপ্য।’
ধরমশালায় অশ্বিন বনাম রুট দ্বৈরথ দেখা যাবে, আশাবাদী পূজারা। তাঁর কথায়, ‘যদি রুটের রেকর্ড দেখা যায় নজরে পড়বে ও সব সময় সক্রিয়। ও সুইপ বা রিভার্স সুইপ খেলার চেষ্টা করে। স্ট্রাইক রোটেট করার চেষ্টা করে। যাতে একজন বোলারের বিরুদ্ধে একটানা ছ’টা বল খেলতে না হয়। রুট ব্যাটারদের বিরুদ্ধে ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারে না, আমি সেটা বলছি না। ও বোলারদের চাপে ফেলার প্ল্যানে থাকে।’
পূজারার কথায়, ‘আর অশ্বিন সেটা করা থেকেই রুটকে আটকানোর চেষ্টা করে। স্ট্রাইকে রুটকে রেখে সে ভাবে বল করে অশ্বিন। ক্লোজ ইন ফিল্ডারদের নিয়ে রুটকে স্ট্রাইকে রাখার পাশারাশি একটি স্লিপ রাখে ও সিঙ্গল আটকাতে স্কয়ার লেগে একজন ফিল্ডার রাখে। অশ্বিন বিরাট চালাক। ২২ গজেও নিজের বুদ্ধি বিরাট কাজে লাগায়।’ টেস্টে রুটকে ৭ বার আউট করেছেন অশ্বিন। ধরমশালায় এই সংখ্যা বাড়ার সম্ভবনা রয়েছে। চেতেশ্বর পূজারার এই কথা থেকেই পরিষ্কার শেষ টেস্টে রুটকে রোখার জন্য অশ্বিনের কী পরিকল্পনা রয়েছে।