East Bengal: ভারতীয় রেফারিদের দুঃস্বপ্নে দেখেন, ফের বিস্ফোরক কুয়াদ্রাত – Bengali News | East Bengal coach Carles Cuadrat blasts again on Indian Super League referring issue before facing Chennaiyin FC
কলকাতা: আবার বিস্ফোরক কার্লেস কুয়াদ্রাত। চলতি মরসুমে একাধিকবার রেফারিং ইস্যুতে সরব হয়েছেন ইস্টবেঙ্গল কোচ। সোমবার চেন্নায়িন এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে ক্লেটনদের এই ম্যাচ জিততেই হবে। তবে সেই ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় ফুটবলে রেফারিং ইস্যুতে আবারও সরব হলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। ভারতীয় ফুটবলের রেফারিদের তিনি দুঃস্বপ্নে দেখেন। বড়সড় মন্তব্য স্প্যানিশ কোচের। এমনকি আইএসএল পরিচালন কমিটি বা ম্যানেজমেন্টকেও একহাত নিতে ছাড়লেন না তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মাঠে নামার আগে কুয়াদ্রাত বলেই ফেললেন, ‘ক্রিস্টাল জন, রাহুল গুপ্তাদের আমি দুঃস্বপ্নে দেখি। এই বুঝি ওরা আমাদের বিরুদ্ধে ফাউল দিল। এই বুঝি কার্ড দেখাল। শেষ পাঁচ ম্যাচ রেফারিদের ভুলে পয়েন্ট হারাতে হয়েছে। এই পয়েন্টগুলো থাকলে আজ আমরা প্লে অফের লড়াইয়ে টিকে থাকতাম। ওডিশার বিরুদ্ধে রেফারির ভুলে ২ পয়েন্ট হাতছাড়া হয়। মোহনবাগানের বিরুদ্ধে ৮৭ মিনিটে নন্দকুমারকে ফাউল করেও পার পেয়ে গেল বিপক্ষ দল। আর ওই মুভমেন্ট থেকে গোল হল। গত ম্যাচে চিমাকে রাকিপ আটকানোর চেষ্টা করলে কিছু না বুঝেই ফাউল দিয়ে দেওয়া হল। আর ওখান থেকে গোল হজম করে খালি হাতে ফিরলাম।’
রেফারিদের মান উন্নত না করলে ভারতীয় ফুটবলের যে মান বাড়বে না তা আবারও জানালেন কুয়াদ্রাত। এমনকি রেফারির বিরুদ্ধে তাঁর এই মন্তব্যগুলো আইএসএলের ওয়েবসাইট থেকে কেন কেটে দেওয়া হয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন। রেফারির বিরুদ্ধে সরব হলে কার্ড দেখতে হয়। আর তার জেরে একটা সময় কোচেদেরও শাস্তি পেতে হয়। এমনকি গত আইএসএলে ইভান ভুকোমানোভিচের শাস্তি নিয়েও সওয়াল করেন ইস্টবেঙ্গল কোচ। ভারতীয় ফুটবলের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটলকেও একহাত নিতে ছাড়লেন না কুয়াদ্রাত।
এ দিকে রবিবার আলাদা অনুশীলন করেন সাউল ক্রেসপো। সোমবারের চেন্নাই ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে ইস্টবেঙ্গল কোচ এবং ফুটবলাররা মনে করেন এখনও প্লে অফে ওঠার আশা আছে লাল-হলুদের। চেন্নাই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতে মরিয়া ইস্টবেঙ্গল।