Sandeshkhali: জলপথে সন্দেশখালি ঢুকলেন ডিজিপি, ইডির উপর হামলার ৪৭ দিন পর এলেন রাজীব কুমার – Bengali News | West Bengal DGP Rajeev Kumar visits Sandeshkhali amid ongoing issue in Sandeshkhali
সন্দেশখালি: সন্দেশখালির বাস্তব চিত্র খতিয়ে দেখতে গ্রামে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ধামাখালি থেকে লঞ্চে চেপে জলপথে তিনি আসেন সন্দেশখালিতে। সঙ্গে রয়েছেন পুলিশের পদস্থ কর্তারা। ফেরিঘাটে নেমেই এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রওনা দেন তিনি। ফেরিঘাট নামামাত্রই সংবাদমাধ্যমের সামনে জানিয়ে গেলেন, বাস্তব চিত্র খতিয়ে দেখে ফেরার পথে তিনি পরিস্থিতি নিয়ে মন্তব্য করবেন।
গত ৫ জানুয়ারি থেকে লাগাতার সংবাদ শিরোনামে সন্দেশখালির প্রসঙ্গ। সেদিন ইডির টিম শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান গিয়ে আক্রান্ত হয়েছিল একদল উন্মত্ত জনতার হাতে। ইডির উপর হামলার সেই ঘটনার ৪৭ দিন পর অবশেষে সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন সন্দেশখালি উপদ্রূত এলাকা পরিদর্শনে যাওয়ার পাশাপাশি স্থানীয় থানাতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। জানা যাচ্ছে, উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক করতে পারেন তিনি।
সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর থেকে ঘটনা পরম্পরা যেভাবে মোড় নিয়েছে, যেভাবে একের পর এক মারাত্মক অভিযোগ উঠে আসতে শুরু করেছে, তা স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে সরকারের। দিল্লি থেকে জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফিসিলি কমিশন ঘুরে গিয়েছে সন্দেশখালি থেকে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ইতিমধ্যেই বৈঠক করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে। এসবের মধ্যেই এবার সরেজমিনে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালিতে এলেন ডিজিপি।
প্রসঙ্গত, সন্দেশখালিতে এখনও বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো রয়েছে। জাতীয় তফসিলি কমিশনের তরফে রাষ্ট্রপতি শাসনের দাবি জোরদার করা হয়েছে। এসবের মধ্যে রাজ্য পুলিশের ডিজির সন্দেশখালিতে সরেজমিনে বাস্তব চিত্র পরিদর্শনে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।