Sandeshkhali: বোর্ডে লেখা ‘ঢালাই রাস্তা হইল’, সন্দেশখালিতে লক্ষ লক্ষ টাকা খরচে তৈরি রাস্তার ছবি দেখুন – Bengali News | There has been a welded road written on the board, but the complaint is that it is not working in Sandeshkhali
সন্দেশখালি: সন্দেশখালিতে বড়সড় দুর্নীতির খোঁজ! মনরেগা বোর্ডে বড় করে লেখা ফলকে লেখা ‘ঢালাই রাস্তা নির্মিত হইল’ অথচ ঢালাইয়ের কিছুই দেখা গেল না। টাকা কোথায় গেল তাহলে? এলাকাবাসী বলছেন, শিবু হাজরা-উত্তম সর্দাররাই সেই টাকা পকেটস্থ করেছেন। ভাঙা রাস্তাতেই কার্যত প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষদের।
ঘটনাস্থল সন্দেশখালির দ্বারিরজঙ্গাল। সেখানে নদীর পার থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তা খাতায় কলমে ঢালাই। অথচ সামনে গেলে দেখা যাচ্ছে, ইট বিছানো রাস্তায় কোনও মতে অল্প করে মাটি আটকে দেওয়া হয়েছে। আবার অন্য দিকে দেখলে দেখা যাবে রাস্তা ভেঙে গিয়েছে। ভাঙা রাস্তায় প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় সন্দেশখালির বাসিন্দাদের।
গ্রামবাসীরা বলেছেন, “প্রকল্পের যে টাকা আসছে সেই টাকা শিবু-উত্তম-শাহজাহানরা নিয়েছে। বিডিও অফিস পর্যন্ত গিয়েছে কি না সন্দেহ।” আরও এক গ্রামবাসী বলেন, “এই রাস্তা নাকি তিনবার ঢালাই হয়েছে। বোর্ডে লিখেছে হয়েছে। কিন্তু হয়নি। পার্টির লোকজন নিয়ে নিয়েছে।” তবে শুধু দ্বারিরজঙ্গল নয়, তুষখালি, মণিপুর, আতাপুর, কোরাকাটি, কুমিরমারি, ছোট মোল্লাখালি, বড় মোল্লাখালি, আমতলি, মউখালি, রাধানগর-সহ দুই ২৪ পরগনার কয়েক হাজার বাসিন্দারও সমস্যা সেই রাস্তা। তুষখালি মোড় থেকে মণিপুর মোড় পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা এখানকার মানুষের লাইফলাইন। সেই ১০ কিলোমিটার রাস্তার এক দশক ধরে কোনও কাজ হয়নি বলেই দাবি করেছেন সেখানকার মানুষজন।