Road Accident in Jalpaiguri: জলপাইগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিজের গাড়ির চাকায় পিষ্ট চালক – Bengali News | Terrible road accident in Jalpaiguri, driver was crushed by the wheels of his car
রাজগঞ্জ: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ডাম্পার চালকের। নিজের ডাম্পারের চাকার তলায় পিষ্ট হয়ে মারা গেলেন চালক। ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি ডাম্পার। পেছনে ছিল আলিপুর দুয়ার থেকে শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস।
রাজগঞ্জ ব্লকের করতোয়া এলাকা পার হওয়ার সময় আচমকাই ডাম্পারটি ব্রেক কষে দাঁড়িয়ে যায়। গতিতে ছিল বাসটিও। ডাম্পারটি হঠাৎ ব্রেক কষতেই তার পিছনে ধাক্কা মারে বাসটি। ডাম্পারের থেকে ছিটকে কাচ ভেঙে রাস্তায় পড়েন চালক। তখনই ডাম্পারটি তাঁর উপর দিয়ে চলে যায়।
খবর পেয়ে আসেন রাজগঞ্জ থানার আইসি এবং ট্র্যাফিক পুলিশ। তাঁরা এসে চালককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই খবরটিও পড়ুন
বাসটির সামনের দিকটাও ভেঙে গিয়েছে। বাসে থাকা এক যাত্রী আহত হয়েছেন বলে খবর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ডিএসপি ট্র্যাফিক অরিন্দম পাল চৌধুরী বলেন, প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে ডাম্পারটি জাতীয় সড়কে আচমকাই ব্রেক কষে। আর তখন যাত্রীবাহী বাস ডাম্পারের পেছনে ধাক্কা মারলে গাড়ির ইঞ্জিন খুলে বেরিয়ে যায়। ড্রাইভার সিট থেকে ছিটকে নিচে পড়ে গেলে ডাম্পারটি তাঁর ওপর দিয়ে চলে যায়। এর জেরে মৃত্যু হয় চালকের। বাসের একজন যাত্রীও আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।