স্ক্রাব না মেখেই মুখ থেকে তুলুন মরা কোষ, এই ৪ টোটকায় ত্বকও চকচক করবে – Bengali News | 4 Ways to Use raw milk to remove dead skin from Skin
প্রতিদিন ত্বকের উপর মরা কোষ তৈরি হয়। দিনের পর দিন এই মরা কোষ জমতে থাকলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়। ত্বক কালচে দেখায়। পাশাপাশি অমসৃণ হয়ে ওঠে। মরা চামড়া পরিষ্কার করতে বেশিরভাগ মানুষ স্ক্রাব ব্যবহার করেন। বাজারচলতি স্ক্রাব হোক বা হোমমেড ফেসপ্যাক মরা কোষ দূর করতে দারুণ উপযোগী। কিন্তু ত্বক যদি সংবেদনশীল হয়, তাহলে কোনও ধরনের স্ক্রাবই ব্যবহার করা চলে না। ত্বকের উপর বেশি চাপ পড়লে র্যাশ বেরিয়ে যায়। তাহলে কোন উপাদান ব্যবহার করবেন?
স্ক্রাব ব্যবহার না করেও ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করা যায়। এক্ষেত্রে আপনাকে শুধু দুধ ব্যবহার করতে হবে। কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড এবং বিশেষ কিছু এনজাইম রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করে এবং মৃত কোষ পরিষ্কার করে দেয়। মুখ থেকে মৃত কোষ পরিষ্কার করতে কী-কী উপায়ে কাঁচা দুধ ব্যবহার করবেন, রইল টিপস।
কাঁচা দুধের ক্লিনজার: কাঁচা দুধের মধ্যে তুলোর বল ডুবিয়ে নিন। এবার এই দুধে ভেজানো তুলো মুখে ২-৩ মিনিট মালিশ করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ বার এই উপায়ে মুখ দুধ মাখলে মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি এটি ত্বককে ময়েশ্চারাইজ করবে এবং ত্বককে এক্সফোলিয়েট করবে।
এই খবরটিও পড়ুন
কাঁচা দুধের মাস্ক: এক চামচ বেসনের সঙ্গে কাঁচা দুধ ও মধু মিশিয় নিন। এবার এই ফেসপ্যাক মুখে ও গলায় মাখে নিন। ১৫ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এতে ট্যানও উঠে যাবে।
কাঁচা দুধের শিট মাস্ক: একটি শুকনো শিট মাস্ক কাঁচা দুধে ডুবিয়ে নিন। মিশ্রণটি কয়েক মিনিটের জন্য ফ্রিজেও রাখতে পারেন। এবার ওই শিট মাস্ক মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
কাঁচা দুধের টোনার: সমপরিমাণ কাঁচা দুধ ও গোলাপ জল নিন এবং একসঙ্গে মিশিয়ে নিন। এবার এটি স্প্রে বোতলে ভরে মুখে স্প্রে করুন। কিংবা এতে তুলোর বল ডুবিয়ে মুখে মেখে নিন। এরপর মুখ ধোয়ার দরকার নেই। প্রতিদিন এই টোটকায় মুখে দুধ মাখলে, ত্বক নরম ও উজ্জ্বল হয়ে উঠবে। পাশাপাশি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় থাকবে।