Suvendu Adhikari: ‘চাইলে বিধানসভায় ভাঙচুর করতে পারি, কিন্তু…’, ঝাঁঝালো শুভেন্দু – Bengali News | Suvendu Adhikari condemns role of Police Personnel as Sukanta Majumdar has been hospitalized
পূর্ব মেদিনীপুর: অসুস্থ সুকান্ত। ভর্তি হাসপাতালে। আর এদিকে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানালেন, বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষ দাবি তুলছে বনধ ডাকা হোক। তবে আপাতত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, সে পথে না হাঁটলেও শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে রাখলেন, আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। সঙ্গে এই জানিয়ে রাখলেন, বিজেপির যা শক্তি রয়েছে, তাতে বিধানসভায় ভাঙচুর চালানোর ক্ষমতা থাকলেও, সেই মানসিকতা নেই বিজেপির।
বুধবার টাকিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁকে। টাকিতে যেভাবে সুকান্ত অসুস্থ হয়ে পড়েন, তার জন্য পুলিশের উৎপীড়নকেই দায়ী করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুভেন্দু বললেন, ‘শুধু বিজেপির কর্মী সমর্থকরা নন, বহু সাধারণ মানুষ বলছেন, বনধ ডাকুন। আমরা সাধারণ মানুষের এই দাবিকে অস্বীকার করছি না। কিন্তু বিজেপি দায়িত্বশীল পার্টি।’
এরপর বিরোধী দলনেতার আরও সংযোজন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কথায় কথায় অবরোধ আমরা করি না। আমরাও বিক্ষোভ দেখাই, কালো ব্যাজ পরি, মিছিল করি, প্রতিবাদ জানাই, অল্প সময়ের জন্য কোথাও কোথাও পথ অবরোধও হয়ত হয়ে যায় তার জেরে। কিন্তু আমরা কখনোই সাধারণ মানুষকে বিপর্যস্ত করতে চাই না।’
একুশের বিধানসভা ভোটে রাজ্য বিধানসভায় প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে গেরুয়া শিবির। তারপর থেকে প্রায় তিন বছর হতে চলল। শুভেন্দুর দাবি, ‘এই সময়কালে (বিগত প্রায় তিন বছরে) আমাদের সঙ্গে যা যা করা হয়েছে, তাতে আমরাও চাইলে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে ভাঙচুর করতে পারি বা পারতাম। সে ক্ষমতা, শক্তি রয়েছে আমাদের। কিন্তু আমাদের সেই মানসিকতা নেই। কারণ আমরা বিজেপি করি। বিজেপি বাস ভাঙো, গাড়ি জ্বালাও, সরকারি সম্পত্তি ভাঙুচর করো, এসব কাজ করে না।’