Shubman Gill: ৩৩২ দিন পর… স্টোকসদের হৃদস্পন্দন বাড়িয়ে অনবদ্য সেঞ্চুরি শুভমন গিলের – Bengali News | Shubman Gill hits test career 3rd century during India vs England 2nd Test
Shubman Gill: ৩৩২ দিন পর… স্টোকসদের হৃদস্পন্দন বাড়িয়ে অনবদ্য সেঞ্চুরি শুভমন গিলেরImage Credit source: PTI
কলকাতা: রবি-দুপুর হল জমজমাট। ছুটির দিনে মাংস-ভাত খেয়ে যাঁরা চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়, তাঁরা দেখলেন প্রিন্স অব ক্রিকেটের দুরন্ত শতরান। বিশাখাপত্তনমে রবিবার ভারতের তরুণ তুর্কি শুভমন গিলকে (Shubman Gill) দেখে মনে হচ্ছিল মেজাজটাই আসল রাজা। ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার সকালে ৬০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন শুভমন। প্রথম সেশনে ৬০ রানে অপরাজিত ছিলেন শুভমন। লাঞ্চ বিরতির পর শুভমন পৌঁছান তিন অঙ্কের রানে। ৩৩২ দিন পর টেস্ট (Test) শতরান এল শুভমন গিলের ব্যাটে।
১৩২ বলে শতরান পূর্ণ করেন শুভমন। পঞ্জাবের ছেলে শুভমন গিল গত ১০টি টেস্ট ম্যাচে মাত্র ১টি সেঞ্চুরি করতে পেরেছিলেন। কেরিয়ারের ২২তম টেস্ট খেলতে নেমে শতরান করলেন শুভমন। ২০২৩ সালের ৯ মার্চ তাঁর ব্যাটে শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল। আমেদাবাদে সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। সেখানে ১২৮ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন শুভমন গিল। সেটিই তাঁর টেস্ট কেরিয়ারের সর্বাধিক রান ছিল। এ বার দেখার আজ তিনি শেষ অবধি ভাইজ্যাগে কত রান করতে পারেন।