সমুদ্রে জমছে প্লাস্টিকের পাহাড়, কয়েক লক্ষ মেট্রিক টন বর্জ্য ফেলে তালিকার উপরে ভারতও – Bengali News | India is at second place which throws 126,513 metric tons of plastic waste into the sea every year
সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে হাজার একটা প্লাস্টিক পড়ে থাকতে দেখতে পান নিশ্চয়ই। তাহলে জলে কত পরিমান প্লাস্টিক প্রতিদিন মেশে, তা ভেবে দেখুন একবার। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে যে, প্লাস্টিক ব্য়বহার বহুগুণ বেড়েছে। অনুমান করা হয়েছে যে 1950 থেকে 2017 সালের মধ্যে প্লাস্টিকের উৎপাদন 174 গুণ বেড়েছে এবং এমনটাও মনে করা হচ্ছে যে 2040 সাল নাগাদ তা দ্বিগুণ হবে। প্লাস্টিকদূষণের ফলে প্রতি বছর 10 লাখ সামুদ্রিক পাখি এবং 1 লাখ সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়।
সমুদ্রের ডেড জ়োন
তৈরি হচ্ছে অসংখ্য ডেড জ়োন…
ফলে সমুদ্রের মধ্যে ডেড জ়োন তৈরি হচ্ছে। ডেড জ়োন হল জলের যে জায়গাগুলিতে অক্সিজেনের পরিমাণ হয় খুব কম থাকে বা একেবারেই থাকে না। বিজ্ঞানের ভাষায় কেউ কেউ একে হাইপোক্সিক জোনও বলে থাকেন। বর্তমানে বিশ্বে এ ধরনের প্রায় 400টি জোন তৈরি হয়েছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর 8 থেকে 12 মেট্রিক টন প্লাস্টিক সমুদ্রে নিক্ষেপ করা হয়। যেখানে বর্তমানে বিশ্বজুড়ে সমুদ্রের পৃষ্ঠে 15 থেকে 51 ট্রিলিয়ন প্লাস্টিকের টুকরো ভাসছে।
সবচেয়ে বেশি প্লাস্টিক কোন দেশ ফেলে?
Science.org-এর রিপোর্ট অনুযায়ী, সমুদ্রে সবচেয়ে বেশি প্লাস্টিক ফেলা দেশগুলির মধ্যে এক নম্বরে রয়েছে ফিলিপিনস। এই দেশটি 356,371 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলে দেয়। যেখানে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে, যা প্রতি বছর সমুদ্রে 126,513 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য ফেলে। আর তিন নম্বরে রয়েছে মালয়েশিয়া। চার নম্বরে রয়েছে চিন। যেখানে ইন্দোনেশিয়া পঞ্চম স্থানে রয়েছে, যা প্রতি বছর 56,333 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলে দেয়।
প্রতি বর্গমাইল সমুদ্রে 48 হাজার প্লাস্টিক জমা হয়েছে ইতিমধ্য়েই
প্রতিদিন 80 লাখ প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে…
প্লাস্টিকদূষণের সবচেয়ে বড় শিকার হচ্ছে সামুদ্রিক প্রাণীরা। বর্তমানে সমুদ্রে 25 ট্রিলিয়ন মাইক্রো ও ম্যাক্রো প্লাস্টিকের কণা জমা হয়েছে। প্রতি বর্গমাইল সমুদ্রে 48 হাজার প্লাস্টিক জমা হয়েছে ইতিমধ্য়েই। সমুদ্রে জমে থাকা প্লাস্টিকের মোট ওজন 2 লাখ 69 হাজার টন। প্রতিদিন 80 লাখ প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলা হচ্ছে। এভাবে জমতে জমতে বড় বড় মহাসাগরে প্লাস্টিক বর্জ্য জমাকৃত এলাকা (প্যাচ) তৈরি হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগরে বর্তমানে প্লাস্টিক বর্জ্যের প্যাচের আয়তন প্রায় 16 লাখ বর্গকিলোমিটার।