Bankura: ‘এত বছর বাস করছি, কখনও হয়নি’, মেজিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের আবাসনে চুরি – Bengali News | Bankura Burglary at Mejia thermal power plant residence
মেজিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের আবাসনে চুরিImage Credit source: TV9 Bangla
বাঁকুড়া: বজ্র আঁটুনি নিরাপত্তার ঘেরাটোপেও পরপর চারটি বাড়িতে চুরি মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসনে। এলাকায় আতঙ্ক। তারই ফাঁক গলে চারটি আবাসনে পরপর চুরি করে চম্পট দিল চোরের দল। সোমবার রাতে বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসনের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।
বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসন সবদিক থেকে নিরাপত্তার ঘেরাটোপে মোড়া। গোটা আবাসন উঁচু পাঁচিল দিয়ে শুধু ঘেরা রয়েছে তাই নয় গেটে ২৪ ঘণ্টা নজরদারির দায়িত্বে থাকে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব নিরাপত্তারক্ষীরা। তারপরও গতকাল রাতে পরপর আবাসনের চার কর্মীর ঘরে চুরির ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবাসন সূত্রে জানা গিয়েছে, ওই চারটি পরিবার বিভিন্ন কারণে বাড়ি ফাঁকা রেখে আত্মীয় বাড়ি গিয়েছিলেন।
সেই সুযোগ নিয়েই চোরের দল একের পর এক বাড়িতে হানা দিয়ে সর্বস্ব নিয়ে চম্পট দেয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে দুপুরে বাড়িতে ফিরে পরিবারগুলি জানতে পারেন চুরির ঘটনা। গোটা ঘটনায় মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভিজাত আবাসনের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে যায়।
এই খবরটিও পড়ুন
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই ধরনের ঘটনা এখানে সাধারণ ঘটে না। এখানকার নিরাপত্তা মারাত্মক। তার মধ্যেই চুরি তো ভাবাই যায় না। তাহলে নিরাপত্তাকর্মীদেরও বোঝা উচিত, আরও সচেতনতার প্রয়োজন রয়েছে। এত বছর ধরে এখানে রয়েছি। পরপর দু’রাতে এতগুলো বাড়িতে চুরি, কখনও ভাবাই যায় না।”