সামনে দক্ষিণরায়, এক ডুবেই বাঁচল প্রাণ – Bengali News | Video of a tiger trying to hunt a duck went viral on social media
শক্তি দ্বারা যা হয় না, তা বুদ্ধি দ্বারা হয়। এটা যে শুধুই কথার কথা, তা কিন্তু একেবারেই নয়। বাস্তবেও এমনটা হয়। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্য়ে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি হাঁসকে জলে সাঁতার কাটটে দেখে একটি বাঘ জলে নেমে পড়ে। চুপিচুপি হাঁসের কাছে গেলেও সে ধরতে পারে না। হাঁসটি বাঘকে দেখার সঙ্গে সঙ্গে এমন কিছু করে, যা আপনার কল্পনার বাইরে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি একটি চিড়িয়াখানার মধ্যে খালের বলে মনে হচ্ছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হাঁস দেখে শিকারের উদ্দেশে জলে নামে বাঘ। হাঁস বুঝতে পেরেছিল যে বাঘ তার পিছনে রয়েছে। বাঘ হাঁসের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করার সঙ্গে সঙ্গেই হাঁসটি জলে ডুব দিয়ে দেয়। তারপরে বাঘের মুখটি দেখার মতো হয়েছিল। আর তা দেখে আপনি হাসি থামিয়ে রাখতে পারবেন না। বাঘটি তাকে এদিক ওদিক খুঁজতে থাকে। ডুব সাঁতার দিয়ে হাঁসটি এক্কেবারে বাঘের পিছনে দিয়ে ওঠে। কিন্তু বাঘটি দেখে ফেলার সঙ্গে সঙ্গে সে আবার জলে ডুব দেয়। হাঁসের এমন বুদ্ধি দেখে হতবাক অধিকাংশ নেটিজেন।
Smart duck.. 😂 pic.twitter.com/XVCNdpKKDA
— Buitengebieden (@buitengebieden) January 20, 2024
এই ক্লিপটি X-এ @buitengebieden অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি দুই কোটিরও বেশি মানুষ দেখেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “হাঁস মাঝে মাঝেই এমনটা করে। একে প্রিনিং বলা হয়। এর মাধ্যমে তার পালক শুকিয়ে যায়। এ সময় তাদের শরীর থেকে একটি তেল বের হয়, যা পালকগুলোকে মসৃণ করে।”