Ram Mandir Inauguration: ফেরালেন না ডাক, রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন রাম জন্মভূমি আন্দোলনের মুখ লালকৃষ্ণ আদবাণী – Bengali News | VHP Leader Says Veteran BJP Leader Lal Krishna Advani will Attend Ayodhya Ram Mandir Inauguration
নয়া দিল্লি: অযোধ্যার রাম জন্মভূমি আন্দোলনের অন্য়তম মুখ ছিলেন যিনি, সেই লালকৃষ্ণ আদবাণী (Lal Krishna Advani)-ই নাকি মন্দিরের (Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। গত মাসে এই নিয়েই বিতর্ক শুরু হয়েছিল। পরে প্রবীণ বিজেপি নেতাকে আমন্ত্রণ জানানো হয়। যদিও তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনার অবসান হল। রাম মন্দিরের উদ্বোধনে লালকৃষ্ণ আদবাণীর উপস্থিতি নিয়ে কাটল ধোঁয়াশা। বুধবারই বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা জানান, আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন লালকৃষ্ণ আদবাণী।
রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন লালকৃষ্ণ আদবাণী। দীর্ঘ আন্দোলন, আইনি লড়াইয়ের পর অবশেষে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। ২০২০ সালের ৫ অগস্ট মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেই সময় থেকেই প্রচারের আলোর বাইরে ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী। রাম মন্দিরের উদ্বোধনেও তাঁর উপস্থিতি নিয়ে যথেষ্ট জল্পনা ছিল। তবে বুধবার বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা জানান,শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আগামী ২২ জানুয়ারি, রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন ৯৬ বছরের বিজেপি নেতা। তাঁকে নিয়ে আসার জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে। চিকিৎসকও থাকবেন লালকৃষ্ণ আদবাণীর সঙ্গে।
গত ডিসেম্বরই বিশ্ব হিন্দু পরিষদের তরফে লালকৃষ্ণ আদবাণী ও মুরলী মনোহর যোশীকে আমন্ত্রণ জানানো হয়। তবে রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছিল, বয়সজনিত কারণ ও শারীরিক অসুস্থতার কারণে দুই নেতা মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।