ED Summons Farooq Abdullah: উপত্যকাতেও ঘোর দুর্নীতি, প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে সমন ইডির – Bengali News | Enforcement Directorate Summons Jammu Kashmir’s Former CM Farooq Abdullah in Money Laundering Case
শ্রীনগর: উপত্যকাতেও দুর্নীতি, আর সেই দুর্নীতির খোঁজেই কোমর বেঁধে নেমেছে ইডি (Enforcement Directorate)। এবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স পার্টির সাংসদ ফারুক আবদুল্লা(Farooq Abdullah)-কে সমন পাঠাল ইডি। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশনে আর্থিক বেনিয়মের (Money Laundering) তদন্তেই সমন পাঠানো হয়েছে ফারুক আবদুল্লাকে। আজ, ১১ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
বুধবার রাতেই সূত্র মারফত জানা যায়, জম্মু-কাশ্মীরের প্রবীণ নেতা ফারুক আবদুল্লাকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জম্মু-কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশনে হওয়া আর্থিক দুর্নীতিতেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে। আজ, ১১ জানুয়ারি শ্রীনগরের ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ফারুক আবদুল্লাকে। যদিও তিনি হাজিরা দেবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ক্রিকেট বোর্ডে দুর্নীতি-
২০২২ সালে প্রথম এই দুর্নীতির বিষয়টি সামনে আসে। অভিযোগ, জম্মু-কাশ্মীরের ক্রিকেট বোর্ডের জন্য বরাদ্দ টাকা বিভিন্নভাবে হাতিয়ে নেওয়া হত। অ্যাসোসিয়েশনের তহবিলে যে টাকা জমা পড়ার কথা, তা অ্য়াসোসিয়েশনের অধিকর্তা সহ একাধিক ব্যক্তির ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত।২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এই আর্থিক দুর্নীতি হয়েছিল।
২০০১ থেকে ২০১২ সাল অবধি এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তদন্তকারীদের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের পদের অপব্যবহার করেছিলেন এবং বহু লোকজনকে নিয়োগ করেছিলেন, যারা বিসিসিআই-র তহবিল তছরুপ করার সঙ্গে সরাসরি যুক্ত।
ইডি ও সিবিআই- দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই এই আর্থিক দুর্নীতির তদন্ত করছে। সিবিআইয়ের চার্জশিটের ভিত্তিতেই তদন্ত শুরু করে ইডি। ২০২২ সালে ইডির চার্জশিটে শ্রীনগরের লোকসভার সাংসদ ফারুক আবদুল্লার নামও ছিল।