সরকারি গুদামে নষ্ট হচ্ছে ত্রাণ সামগ্রী, অভিযোগ বিজেপি বিধায়কের
সরকারি গুদামে দীর্ঘদিন ধরে পড়ে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী। এমনই অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটার হেমন্ত বসু কর্নারের একটি সরকারি গুদামে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে মঙ্গলবার গুদামটি পরিদর্শনে যান দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় এবং দিনহাটা পুরসভার এক্সিকিউটিভ অফিসার স্নেহাশিস মণ্ডল। গুদামের তালা খুলতেই ত্রিপল, শাড়ি, ধুতি-সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কাছে গুদামের চাবি থাকলেও তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেননি বলেই অভিযোগ বিজেপি বিধায়কের। ব্যবহারের যোগ্য রয়েছে এমন ত্রাণ সামগ্রী শীঘ্রই বিলি করার ব্যবস্থা করা হবে, আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক।