অসুস্থ রাজেশ শর্মাকে নিয়ে চিন্তিত অক্ষয় কুমার, 'বন্ধু'কে কী বার্তা দিলেন খিলাড়ি? | Akshay Kumar Tweets He Is 'Very Concerned' About His Friend Rajesh Sharma's Health - 24 Ghanta Bangla News
Home

অসুস্থ রাজেশ শর্মাকে নিয়ে চিন্তিত অক্ষয় কুমার, ‘বন্ধু’কে কী বার্তা দিলেন খিলাড়ি? | Akshay Kumar Tweets He Is ‘Very Concerned’ About His Friend Rajesh Sharma’s Health

Spread the love

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন টলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। সম্প্রতি হায়দরাবাদে শুটিং শেষ করে কলকাতায় ফিরেছিলেন তিনি। কলকাতায় ফিরেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তাঁর রক্তে শর্করার মাত্রা (Sugar Level) আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এর ফলে তাঁর পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং পা মারাত্মকভাবে ফুলে যায়। সোমবার রাতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয়।

হাসপাতাল সূত্রে খবর, অভিনেতার পায়ের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে একটি অস্ত্রোপচার (Surgery) করতে হতে পারে। তবে অস্ত্রোপচারটি ঠিক কবে হবে, তা নিয়ে চিকিৎসকেরা এখনও বিশদে কিছু জানাননি। আপাতত চিকিৎসকদের একটি বিশেষ দলের কড়া নজরে রয়েছেন তিনি। তবে স্বস্তির খবর, সোমবার রাতের তুলনায় বর্তমানে রাজেশ শর্মার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তিনি আগের চেয়ে কিছুটা ভালো রয়েছেন।

সহ-অভিনেতা তথা প্রিয় বন্ধুর এই আকস্মিক অসুস্থতার খবর পেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। রাজেশের দ্রুত আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ায় ‘খিলাড়ি’ কুমার লিখেছেন, “শুটিংয়ের সময় পোকার কামড়ে আমার প্রিয় বন্ধু রাজেশের এই অসুস্থতার খবর শুনে অত্যন্ত চিন্তিত বোধ করছি। আশা করি মহাদেব ওকে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ করে তুলবেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বন্ধু, এখনও একসঙ্গে বসে অনেক হাসাহাসি করা বাকি আছে।”

বলিউডের একাধিক ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অক্ষয় কুমার এবং রাজেশ শর্মা। নিখুঁত কমিক টাইমিং হোক বা সিরিয়াস চরিত্র—তাঁদের অন-স্ক্রিন রসায়ন বরাবরই দর্শকপ্রিয়। ‘স্পেশাল ২৬’ (Special 26), ‘লক্ষ্মী’ (Laxmii), এবং ‘মিশন রানিগঞ্জ’ (Mission Raniganj)-এর মতো ছবিতে তাঁদের একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া প্রিয়দর্শন পরিচালিত অক্ষয়ের ‘ভূত বাংলা’ (Bhooth Bangla)-তেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করোছেন রাজেশ শর্মা।

বর্তমানে অভিনেতার দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন টলিপাড়া থেকে বলিউড এবং তাঁর কোটি কোটি অনুরাগী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *