মলের ভিতরে ভেনিসের আদলে নৌকাবিহার, অর্থ তছরুপের অভিযোগে ED-র হাতে গ্রেপ্তার মালিক
উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বিশেষ আকর্ষণ গ্র্যান্ড ভেনিস মল। এই বিখ্যাত মল-এর মালিক তথা রিয়েল এস্টেট সংস্থার প্রোমোটার সতীন্দ্র সিং ভাসিনকে অর্থ তছরুপ মামলায় গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দীর্ঘদিন ধরে তদন্তে অসহযোগিতা এবং তলব এড়িয়ে যাওয়ার অভিযোগের পর ২৯ মে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, PMLA-এর আওতায় এই মামলার তদন্ত চলছে। গ্রেপ্তারের পরে সতীন্দর সিং ভাসিনকে গাজিয়াবাদের বিশেষ PMLA আদালতে তোলা হয়। আদালত তাঁকে ৬ জুন পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, গ্র্যান্ড ভেনিস গ্রুপ এবং BIIPL-এর বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশের একাধিক FIR রয়েছে। অভিযোগ, সংস্থাটি বাণিজ্যিক ইউনিট, অফিস স্পেস এবং রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের নাম করে বহু ক্রেতা ও বিনিয়োগকারীর কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল। ক্রেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পত্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হলেও বহু প্রকল্প শেষই হয়নি এবং ক্রেতারা দখল পাননি।
ইডির তদন্তে উঠে এসেছে, বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা বিপুল অঙ্কের টাকা রিয়েল এস্টেট প্রজেক্টে ব্যবহার না করে গ্রুপের একাধিক সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ঘুরিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ, প্রকল্পের নামে তোলা অর্থের একটি বড় অংশ ‘ডাইভার্ট’ করা হয়েছে বলে অভিযোগ।
তদন্তে অসহযোগিতার অভিযোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইডির দাবি, বার বার সমন পাঠানো হলেও সতীন্দর সিং ভাসিন হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। এই পরিস্থিতিতে গত ১৫ মে সুপ্রিম কোর্ট ইডিকে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতেই এই গ্রেপ্তারি।