অর্জুন কাপুরকে নিয়ে ট্রোল! রেগে আগুন জাহ্নবী, জানেন কেন? – Bengali News | Janhvi Kapoor Slams Online Trolling Against Brother Arjun Kapoor, Calls It Harassment
সোশ্যাল মিডিয়া এখন যেন এক অদ্ভুত রণক্ষেত্র। সেখানে প্রশংসা যেমন আছে, তেমনই আছে আক্রমণের বিষাক্ত তির। বিশেষ করে তারকাদের জীবনে ট্রোলিং এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে এবার নিজের দাদা অর্জুন কাপুরের বিরুদ্ধে হওয়া লাগাতার অনলাইন বুলিং ও হেনস্থা নিয়ে মুখ খুললেন বোন জাহ্নবী কাপুর। সাফ জানিয়ে দিলেন, প্রচার আর ভিউ পাওয়ার নেশায় কাউকে ব্যক্তিগত আক্রমণ করাটা কোনওভাবেই ক্ষমার যোগ্য নয়। দাদা কে নিয়ে হওয়া ট্রোলিংয়ের প্রতিবাদ করেছেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাহ্নবী সোশ্যাল মিডিয়ার এই অন্ধকার দিকটি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তাঁর মতে, ডিজিটাল দুনিয়ায় এখন সবকিছুই ‘ক্লিকবাইট’ আর ‘রেজ বাইট’-এর ওপর দাঁড়িয়ে। জনৈক কন্টেন্ট ক্রিয়েটররা কেবল নিজেদের রিচ বা এনগেজমেন্ট বাড়ানোর জন্য তারকাদের নাম ব্যবহার করেন।
জাহ্নবী নিজের সঙ্গে হওয়া ট্রোলিং নিয়ে বলেন, “আমি যখন থেকে এটা বুঝতে পেরেছি যে ওরা কেবল আমাকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে, তখন থেকে বিষয়গুলো গায়ে মাখা কমিয়ে দিয়েছি। ওদের কথার সঙ্গে আমার বাস্তব সত্তার কোনও যোগ নেই।”
তবে নিজের ক্ষেত্রে সংযত থাকলেও, দাদা অর্জুন কাপুরের প্রতি হওয়া অবিচার মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী। অর্জুনকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য বা হেনস্থা করা হয়, তাকে ‘বুলিং’ হিসেবেই দেখছেন তিনি। জাহ্নবী স্পষ্ট করে বলেন, “সবাই নিজের রুটিরুজির জন্য কাজ করছে ঠিকই, কিন্তু যখন সেটা মাত্রা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণে পৌঁছায়, তখন খুব কষ্ট হয়। বিশেষ করে আমার দাদার ক্ষেত্রে যেটা মাঝেমধ্যেই ঘটে, সেটার কোনও অজুহাত হতে পারে না। এই ধরণের আচরণের কোনও ক্ষমা নেই।”
উল্লেখ্য, গত মাসেই মা মোনা শৌরির জন্মদিনে একটি আবেগঘন পোস্ট করেছিলেন অর্জুন কাপুর। সেখানে তিনি লিখেছিলেন, তাঁর সময় বেশ খারাপ যাচ্ছে। বারবার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। অর্জুনের সেই পোস্টে হৃতিক রোশন থেকে শুরু করে জেনেলিয়া ডি’সুজা—অনেকেই পাশে দাঁড়িয়েছিলেন। আসলে অর্জুন কাপুর দীর্ঘ সময় ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার। কখনও তাঁর অভিনয়, কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে কাটাছেঁড়া। জাহ্নবীর মতে, এই নেতিবাচকতা বেশ প্রভাব ফেলে তাই এসব থেকে নিজেকে দূরে রাখাই ভালো।