T20 World Cup : টানা ফ্লপ অভিষেক, পাশে দাঁড়ানোর বার্তা যুবরাজদের ! – Bengali News | Yuvraj singh, nasser hussain supports Abhishek sharma in his tough time
কলকাতা: জীবনের প্রথম বিশ্বকাপ যেন কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে অভিষেক শর্মার কাছে। প্রথম ম্যাচ খেলেই পেটের রোগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ফিরেও এসেছেন। কিন্তু শুরুতে যা ছিল পরিস্থিতি, পরের দুটো ম্যাচেও তাই। তিন ম্যাচ খেলে তিনটিতেই ০ রানে আউট হয়েছেন অভিষেক। গ্ৰুপ লিগে তিনি খেলেছেন মাত্র ৮ বল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯ বছরের ইতিহাসে অভিষেকই একমাত্র ক্রিকেটার, যিনি পরপর তিন ইনিংসেই শূন্য করেছেন। ভারত যতই অপরাজিত হয়ে সুপার এইটে পৌঁছে যাক না কেন, অভিষেকের টানা ব্যর্থতা দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। লজ্জার এই রেকর্ড থেকে কি বেরিয়ে আসতে পারবেন অভিষেক? নাকি তাঁকে বসিয়ে সঞ্জু স্যামসনকে খেলাবে টিম ম্যানেজমেন্ট?
এই দুঃসহ সময়ে শিষ্যের পাশে দাঁড়িয়েছেন তাঁর গুরু যুবরাজ সিং। প্রাক্তন এই ভারতীয় ব্যাটারকে তাঁর শিষ্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “এ নিয়ে না ভেবে নেটে খোলা মনে ব্যাট করো। কোচের থেকে পরামর্শ নাও। রান আসবেই।” রান পান বা না পান, গুরু যুবরাজের থেকে প্রায় প্রতিদিনই ক্রিকেট নিয়ে পরামর্শ নেন অভিষেক। তাঁর এই কঠিন সময়ে যুবরাজের থেকে পাওয়া টোটকাই রানে ফেরাবে অভিষেককে, মত ক্রিকেটপ্রেমীদের। বুধবার নেদারল্যান্ডস ও রবিবার পাকিস্তান, দুই ম্যাচেই অফস্পিনারের বলে আউট হয়েছেন অভিষেক। এই নিয়ে আগেই সুনীল গাভাসকর বলেছেন, “অভিষেক শুরু থেকেই চালানোর চিন্তা না করে সিঙ্গলস নিয়ে স্ট্রাইক রোটেট করুক। এর ফলে ওর উপর আশা প্রত্যাশার চাপ কমবে।” নাসের হুসেন বলেছেন, “শূন্য করলে মানসিক চাপ তৈরি হয়। দলের উচিত এখন অভিষেকের পাশে থাকা, সমর্থন করা।”
শেষ ৮ টি-টোয়েন্টি ইনিংসে ৫টি ইনিংসে শূন্য করেছেন অভিষেক। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজের দুটি ম্যাচে করেছিলেন শূন্য। বিশ্বকাপে এখনও খাতাই খোলেননি তিনি। এই পরিস্থিতিতে নেটিজেনদের একাংশ অভিষেকের বদলে সঞ্জুকে দলে অন্তর্ভুক্তি করার কথা বলছেন। তবে আশা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এগারোয় অভিষেকই থাকবেন। হয়তো তাঁকে আরও সুযোগ দেবেন কোচ গৌতম গম্ভীর। বিশ্বকাপে অভিষেকের বিরুদ্ধে শুরুতেই বিপক্ষের স্পিনার দিয়ে আক্রমণের পরিকল্পনা প্রত্যেকবার সফল হয়েছে। তাহলে কি রবিবার শুরুতেই অধিনায়ক মার্কব়্যাম বল তুলে দেবেন স্পিনারের হাতে? এই ম্যাচে ফ্লপ হলে আর কিন্তু বিশ্বকাপ দলে সুযোগ পাবেন না অভিষেক।