Gautam Gambhir: বিরাট-রোহিতদের কোচিং ছেড়ে রাজস্থানের পথে পা বাড়াবেন গম্ভীর? - Bengali News | Rajasthan Royals asked Gautam Gambhir to join their team in this upcoming IPL - 24 Ghanta Bangla News
Home

Gautam Gambhir: বিরাট-রোহিতদের কোচিং ছেড়ে রাজস্থানের পথে পা বাড়াবেন গম্ভীর? – Bengali News | Rajasthan Royals asked Gautam Gambhir to join their team in this upcoming IPL

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচিং ছাড়তে চলেছেন গৌতম গম্ভীর? তাঁকে যে নতুন অফার করা হয়েছে, তাতে তেমনই সম্ভাবনা দেখছেন অনেকেই। ভারতীয় দলের কোচ হিসেবে টেস্টে এবং ওয়ান ডে ক্রিকেটে কার্যত ব্যর্থ গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ড্র করেছিল ভারত। এ ছাড়া টেস্টে বলার মতো কিছু নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতেছিল ভারত। এ ছাড়া গম্ভীরের ঝুলিতে শুধুই ব্যর্থতা। ঘরের মাঠে আবার নিউজিল্যান্ডের কাছে ওয়ান ডে সিরিজে হেরেছে দল। তবে টি-টোয়েন্টি কোচ হিসেবে তাঁর সাফল্য যথেষ্ট। এই মুহূর্তে ভারতীয় দল কুড়ি-বিশের ক্রিকেটে অন্যতম সেরা দল। কিন্তু ঘরের মাঠে বিশ্বকাপ জিততে না পারলে কিন্তু চাপে পড়ে যাবেন তিনি। যে কারণে গম্ভীর নতুন রাস্তা খোলা রাখছেন কিনা, তা নিয়েও চর্চা কম নেই। আইপিএলের কোন দল তাঁকে প্রস্তাব দিল?

রাজস্থান রয়্যালস দলের তিনটি ভূমিকার জন্য গম্ভীরকে বেছেছে। যা বেশ লোভনীয় প্রস্তাব। তিনটে ভূমিকা কী হতে পারে? একদিকে তিনি হবেন দলের মেন্টর। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজির সিইও। এখানেই শেষ নয়। তাঁকে ২-৩ শতাংশ মালিকানাও দেওয়া হবে। এই প্রস্তাব যে কোনও কোচের মাথা ঘুরিয়ে দিতে পারে। প্রশ্ন হল, কেন গম্ভীরকে পছন্দ রাজস্থানের? রাজস্থানের মালিকানা বদল হতে চলেছে। রাজস্থান ছেড়ে অন্য কোনও রাজ্য থেকে খেলতে পারে তারা। নতুন মালিক পক্ষের একজন গম্ভীরকে এই লোভনীয় প্রস্তাব দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রথম আইপিএলে খেতাব জিতেছিল রাজস্থান। তার পর থেকে শুধুই শূন্য। রাহুল দ্রাবিড় দু’দফায় মেন্টর ও কোচ হিসেবে চেষ্টা করেছেন। কিন্তু লাভ হয়নি। সঞ্জু স্যামসন দল ছেড়ে দিয়েছেন। রিয়ান পরাগকে নতুন ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করা হয়েছে। দলের কোচিং করাবেন কুমার সঙ্গকারা। এই পরিস্থিতিতে গম্ভীর দলে যোগ দিলে রাজস্থান ধারে-ভারে অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছে মালিক পক্ষ।

গম্ভীর কী ভাবছেন? ২০২৭ সাল পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে চুক্তি রয়েছে গম্ভীরের। শোনা যাচ্ছে, লস অ্যাঞ্জেলিস অলিম্পিক পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়াতে পারে বোর্ড। কিন্তু বিশ্বকাপে দল যদি সাফল্য না পায় তা হলে কী হবে, কেউই জানেন না। গম্ভীর এখনই রাজস্থানের প্রস্তাব নিয়ে ভাবছেন না। বিশ্বকাপের পর পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এ নিয়ে কোনও সন্দেহ নেই, আইপিএলে গম্ভীরের সাফল্য ছোঁয়া বেশ কঠিন। ক্যাপ্টেন হিসেবে দু’বার খেতাব জিতেছেন। মেন্টর হিসেবে একবার। তিনবারই এই সাফল্য এসেছে কেকেআরে। সেই একই রসায়ন রাজস্থানে দেখা যাবে কিনা, তা নিয়ে কৌতুহল তৈরি হতে পারে, যদি তিনি দায়িত্ব নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *