‘মন ভেঙেছে অরিজিতের, তাই অবসর!’ গায়কের কোন আফসোসের কথা ফাঁস করলেন অনুরাগ কাশ্যপ? – Bengali News | Anurag kashyap says arijit singh retired because of this
গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং যখন জানিয়েছিলেন তিনি আর নতুন কোনও সিনেমার গান করবেন না, তখন দেশজুড়ে তাঁর কোটি কোটি ভক্তের মন ভেঙে গিয়েছিল। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, অরিজিৎ আসলে ‘একই ধরণের’ গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়েছিলেন!
একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ বলেন, “অরিজিৎ অবসরের ঘোষণা করেছেন কারণ তিনি বারবার একই কাজ করতে করতে ক্লান্ত। কেন তাঁকে সবসময় শুধু বিরহের গানই গাইতে হবে? মানুষটা অসামান্য প্রতিভাবান। তিনি সানিয়া মালহোত্রার ‘পাগলায়েট’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন, তিনি নিজে একজন চলচ্চিত্র নির্মাতা। নিজের শহরের জন্য কত কী করেন তিনি! অরিজিৎ খুব ব্যক্তিগত মানুষ এবং তিনি আর একই গণ্ডিতে আটকে থাকতে চান না।”
অনুরাগের মতে, অরিজিৎ সিং মানেই কেবল বিরহের গান নয়, তাঁর প্রতিভা আরও অনেক বিস্তৃত। কিন্তু বলিউডের চাহিদা তাঁকে একটি নির্দিষ্ট ছাঁচে বন্দি করে ফেলেছিল।
অরিজিতের কাজের ধরন সম্পর্কে অনুরাগ আরও যোগ করেন, “ও অনেক কিছু করতে চায়। যখন আমরা ‘নিশাঞ্চি’ ছবির কাজ করছিলাম, ও একটা গানেরই প্রায় ১০০টা ভার্সন তৈরি করেছিল। কারণ এর আগে কেউ ওকে ওভাবে গাইতে বলেনি। ও নিজের শর্তে কাজ করতে পছন্দ করে। সঙ্গীত আসে আত্মা থেকে। কিন্তু যখন কাউকে বলা হয় যে ‘আমাদের শুধু এইরকমই চাই’, তখন শিল্পী নিজেকে বন্দি অনুভব করেন।”
জানুয়ারি মাসের শুরুতে বছরের প্রথম দিকেই অরিজিৎ সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তাঁর সিদ্ধান্তের কথা জানান। তিনি লিখেছিলেন, “সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে আপনারা আমায় যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর নতুন কোনো কাজ নেব না। আমি এখানেই ইতি টানছি। এই সফরটা দারুণ ছিল।”
২০০৫ সালে রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’ থেকে যাত্রা শুরু। এরপর ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ দিয়ে বলিউডে হাতেখড়ি। তবে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানটি তাঁকে রাতারাতি মহাতারকা বানিয়ে দেয়। গত এক দশকে ‘চান্না মেরেয়া’, ‘আগর তুম সাথ হো’, ‘কেসরিয়া’ বা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি।